১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় শেখ হাসিনাকে ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ উল্লেখ করে তার দেশে ফেরা কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের করা ওই আইনের আওতায় শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ডই তাকে ভোগ করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন রিজভী। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। বক্তব্যে শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা অভিযোগ করেন, তিনিও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে পারেন না। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার ঘটনায় তার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতাদের অবস্থান ও জীবনযাপন নিয়েও সমালোচনা করেন রিজভী। তিনি অভিযোগ করেন, দলটির নেতাদের কেউ কলকাতায় ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে বসবাস করছেন, কেউ থাইল্যান্ডের ব্যাংককে, আবার কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অথচ দেশে দলটির তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে বিভিন্ন স্থানে আতশবাজি করানো হচ্ছে বলে দাবি করেন তিনি।