হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর লক্ষ্যে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল, প্রস্তুতি শেষ করার নির্দেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪ সময় , আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪ সময়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর লক্ষ্যে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করতে সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় তিনি এ নির্দেশ দেন।


সভায় টার্মিনাল চালুর জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা এসব বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব সময়মতো সম্পন্ন করতে হবে।


মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন এবং দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।


সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে সব অংশীজনের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিবসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯