২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর বিশেষ পুনঃপরীক্ষার আয়োজন করছে শিক্ষা বোর্ডগুলো। এই পরীক্ষায় অংশ নিতে ইতিমধ্যে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী ফরম পূরণ ও আবেদন করেছে। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এই বিশেষ পরীক্ষা।
শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, ১০টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী আবেদনকারীর এই সংখ্যা পাওয়া গেছে। তবে এখনো একটি শিক্ষা বোর্ডের চূড়ান্ত তথ্য হাতে আসেনি।
শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ফল প্রকাশের এক মাসের মধ্যে বিশেষ এই পরীক্ষা নেওয়ার কথা ছিল। সে অনুযায়ী গত ৫ নভেম্বর থেকে পরীক্ষার ফরম পূরণ শুরু হয়, যা চলে ৯ নভেম্বর পর্যন্ত। বর্তমানে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন এক বা দুই বিষয়ে ফেল করেছিলেন। সব মিলিয়ে এ বছর গড় পাসের হার দাঁড়ায় ৫২ দশমিক ১২ শতাংশ। এত বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর তাঁদের ভবিষ্যৎ বিবেচনায় দ্রুত বিশেষ পুনঃপরীক্ষা আয়োজনের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই এবার নির্ধারিত সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হচ্ছে।