মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক

কাতার-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি সই

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময় , আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়

মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার ইস্তাম্বুলে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্য এবং সংঘাত নিরসনে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হলো।


তুরস্ক ও কাতারের উচ্চ কৌশলগত কমিটির দ্বাদশ বৈঠক উপলক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়। দ্বিপাক্ষিক ও প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রেসিডেন্সিয়াল কার্যালয়ে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।


সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি হলো দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা। এতে সরাসরি স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম। এই চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ভোক্তা সুরক্ষা, বাজার তদারকি এবং পণ্য পরিদর্শনের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানি স্বাক্ষর করেন।


শিক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দুই দেশ। এ বিষয়ে চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন এবং কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি। অন্যদিকে শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন এবং বিভিন্ন সংঘাত নিরসনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি।


পাশাপাশি দুই দেশের উচ্চ কৌশলগত কমিটির দ্বাদশ বৈঠক উপলক্ষে একটি যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা থেকে শুরু করে শিক্ষা, বাণিজ্য ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই চুক্তিগুলো তুরস্ক ও কাতারের দীর্ঘদিনের সম্পর্ককে আরও বিস্তৃত করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯