প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। বুধবার বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া দুই নেতার বৈঠক প্রায় ৩০ মিনিট ধরে চলে।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই নেতা। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।