বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে—এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারি নথিতে সংখ্যা কম থাকলেও

বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৬ সময় , আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৬ সময়

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে—এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারি নথিতে সংখ্যা কম থাকলেও বাস্তবে রোহিঙ্গার সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন তিনি। দীর্ঘদিন ধরে এত বিপুলসংখ্যক মানুষের আশ্রয় ও মানবিক সহায়তার দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের অর্থনীতির ওপরও বড় চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। বুধবার ১১ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।


বৈঠকে মিয়ানমারের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং শরণার্থী শিবিরগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ ও কার্যকর ভূমিকা জরুরি।


আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। বৈঠকে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের ওপর অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোও তুলে ধরেন।


কেলি ই. কারি জানান, রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার উপযোগী পরিবেশ তৈরি এবং মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগীরা কাজ করছে। এ ছাড়া রোহিঙ্গা শিবিরসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। এসব অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তার বিষয়ে আলোচনা হয়।


পাশাপাশি চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী পক্ষগুলোর সমন্বিত উদ্যোগে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। সব মিলিয়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, মিয়ানমারে তাদের অধিকার নিশ্চিত করা এবং শরণার্থী শিবিরগুলোর নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিই বৈঠকে গুরুত্ব পেয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯