রমজানের আগে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের জন্য বড় ধরনের আর্থিক সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও খেজুরসহ ১১ ধরনের পণ্য আমদানির মূল্য পরিশোধে সর্বোচ্চ ৯০ দিন সময় পাবেন ব্যবসায়ীরা। অর্থাৎ, পণ্য দেশে আনার পরপরই পুরো টাকা পরিশোধ করতে হবে না।
বুধবার ১১ নভেম্বর এ–সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটি আমদানিতে এই সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ অথবা ক্রেতার ঋণের আওতায় আমদানিকারকেরা সর্বোচ্চ ৯০ দিন পর পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। এই সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এর ফলে আমদানির পরপরই ব্যবসায়ীদের বড় অঙ্কের অর্থ পরিশোধের চাপ থাকবে না। বরং পণ্য দেশে এনে বিক্রি করার পর নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের দায় পরিশোধ করতে পারবেন তারা। এতে আমদানির জন্য তাৎক্ষণিক মূলধনের প্রয়োজন কমবে এবং ব্যবসায়ীদের পণ্য আমদানির সক্ষমতা বাড়তে পারে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতেই এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।
সাধারণত রমজান মাসে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুরের চাহিদা বেড়ে যায়। এ সময় আমদানিতে ঘাটতি বা সরবরাহে বিঘ্ন ঘটলে বাজারে দাম বাড়ার চাপ তৈরি হতে পারে। নতুন ঋণসুবিধার ফলে আমদানিকারকেরা প্রয়োজনীয় পণ্য আনতে আরও উৎসাহিত হবেন বলে মনে করছেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা। এর আগে গত ৮ নভেম্বর রমজান সামনে রেখে এসব পণ্য আমদানির ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
এলসি খোলার সময় আমদানিকারককে ব্যাংকে যে পরিমাণ নগদ অর্থ বা জামানত জমা দিতে হয়, সেটিই এলসি মার্জিন। এই মার্জিন কমানো হলে কম নগদ অর্থ জমা দিয়েই আমদানির ঋণপত্র খোলা যায়। ফলে আমদানির শুরুতেই ব্যবসায়ীদের অর্থের চাপ কমে। অর্থাৎ, রমজানের বাজার সামনে রেখে বাংলাদেশ ব্যাংক একদিকে এলসি মার্জিন কমানোর সুবিধা দিয়েছে, অন্যদিকে আমদানি মূল্য পরিশোধে সর্বোচ্চ ৯০ দিন সময়ের সুযোগ তৈরি করেছে। এখন এই সুবিধা কাজে লাগিয়ে ব্যবসায়ীরা কতটা পণ্য আমদানি করেন এবং বাজারে সরবরাহ ও দামে তার কী প্রভাব পড়ে, সেটিই দেখার বিষয়।