২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের জন্য আসছে বড় পরিবর্তন। প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ নির্ধারিত হবে

স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৪ সময় , আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৪ সময়

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের জন্য আসছে বড় পরিবর্তন। প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ নির্ধারিত হবে লটারির মাধ্যমে, আর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য দিতে হবে লিখিত পরীক্ষা। শুধু তাই নয়, ঢাকার বিদ্যালয়গুলোতে স্থানীয় এলাকার শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকছে ৮০ শতাংশ আসন। বুধবার ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের ভর্তি নীতিমালা জারি করেছে।


নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী নেওয়া হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। নবম শ্রেণিতে আবেদন করতে হলে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


ভর্তি পরীক্ষার নম্বর ও সময়ও নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষার পূর্ণমান হবে ৫০। বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান হবে ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। এই পরীক্ষার জন্য সময় দেওয়া হবে দুই ঘণ্টা।


প্রথম শ্রেণিতে ভর্তির বয়সের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত। ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি, তবে সাত বছরের কম হতে হবে। অর্থাৎ, আবেদনকারীর জন্ম হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স প্রমাণের জন্য আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে। ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট বা নির্ধারিত এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।


এ ছাড়া প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ চলবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। অর্থাৎ, ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণিতে লটারি, পরের শ্রেণিগুলোতে লিখিত পরীক্ষা এবং ঢাকায় স্থানীয় শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণের নিয়ম কার্যকর হতে যাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯