নয় বছরের দীর্ঘ পথচলা, অসংখ্য হাসি-কান্না আর দর্শকের ভালোবাসায় গড়ে ওঠা এক জনপ্রিয় ধারাবাহিকের শুটিং শেষ। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শেষ অংশের দৃশ্যধারণও সম্পন্ন হয়েছে। আর এই বিদায়বেলায় স্মৃতিতে ডুব দিয়েছেন ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র কাবিলার অভিনেতা জিয়াউল হক পলাশ। তাঁর আবেগঘন বার্তায় উঠে এসেছে শুরুর দিনগুলোর গল্প, সহকর্মীদের সঙ্গে কাটানো মুহূর্ত আর দীর্ঘ পথচলার নানা স্মৃতি। মঙ্গলবার বিকেলে নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুরুর সময়ের কথা স্মরণ করেন পলাশ।
রাজধানীর লালমাটিয়ার একটি রাস্তা, গাছতলা আর চেনা বিকেল থেকেই শুরু হয়েছিল এই ধারাবাহিকের যাত্রা। সেই জায়গার স্মৃতি তুলে ধরে তিনি লেখেন, এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, গাছতলা আর চেনা বিকেলগুলোতে জমে আছে কত কথা, হাসি আর না-বলা গল্প। সময়ের পরিবর্তন নিয়ে আক্ষেপের পাশাপাশি স্মৃতিগুলো ধরে রাখার আকুতিও প্রকাশ করেন তিনি। পলাশ জানান, শুরুতে এটি ছিল সাধারণ একটি নাটকের গল্প। কিন্তু দেখতে দেখতে পেরিয়ে গেছে অনেক দিন ও বছর। বদলে গেছে চারপাশের পরিবেশ, এসেছে নানা পরিবর্তন। একই সঙ্গে দর্শকদের ভালোবাসায় ‘ব্যাচেলর পয়েন্ট’ হয়ে উঠেছে জনপ্রিয় একটি ধারাবাহিক। এই দীর্ঘ যাত্রায় অভিনয়ের মধ্য দিয়ে নিজেও যে অনেকটা বড় হয়েছেন, সেই অনুভূতির কথাও জানিয়েছেন তিনি।
পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার অনুভূতি জানাতে গিয়ে পলাশ বলেন, একটি কাল্পনিক গল্পের ভেতর মানুষ নিজের বাস্তব জীবনের কতটা সময় ও অনুভূতি ঢেলে দিতে পারে, তা এই ধারাবাহিকের সঙ্গে কাটানো দিনগুলোর দিকে তাকালেই বোঝা যায়। অসংখ্য ভোরের শুটিং, নির্ঘুম রাত, মান-অভিমান, হাসি-আনন্দ আর সহকর্মীদের সঙ্গে কাটানো মুহূর্ত—সব মিলিয়ে কখন যে কাজটি তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তা বুঝতেই পারেননি। বিদায়ের আবেগ প্রকাশ করে তিনি আরও লেখেন, এত স্মৃতি কোথায় রাখবেন, কিংবা এতগুলো বছরের অনুভূতি কোন শব্দে প্রকাশ করবেন, তা তাঁর জানা নেই। শুটিং শেষ হয়, মানুষ ফিরে যায়, আলো নিভে যায়; কিন্তু কোথাও একটি গাছতলা, একটি রাস্তা আর মানুষের হাসির শব্দ স্মৃতিতে থেকে যায়। তাঁর ভাষায়, গল্পটি শেষ হলেও শুরুর দিনের সেই তরুণ অভিনেতা যেন এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন।
উল্লেখ্য, নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট’। কাবিলা, শুভ, হাবু, পাশা, রোকেয়া ও অন্তরাসহ ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পায়। বিশেষ করে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কাবিলা চরিত্রে অভিনয় করে জিয়াউল হক পলাশ দেশ-বিদেশের দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ নয় বছরের এই যাত্রায় ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি ধারাবাহিক নাটক হয়ে থাকেনি, হয়ে উঠেছে অসংখ্য দর্শকের স্মৃতি ও আবেগের অংশ। পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার মধ্য দিয়ে সেই দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পর্দার পেছনের কাজের ইতি ঘটল।