দীপাবলির রাতে আতশবাজি ফোটানো নিয়ে সামান্য বিরোধ। আর সেই বিরোধের জেরেই ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক জওয়ানের মাথায় গুলি চালানোর অভিযোগ উঠেছে। অস্ত্রোপচার করে মাথা থেকে গুলি বের করা হলেও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ২৬ বছর বয়সী ওই সেনাসদস্য। বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলায়। আহত সেনাসদস্যের নাম সৌরভ তোমার। দীপাবলি উদ্যাপন করতে ছুটিতে নিজ গ্রামে ফিরেছিলেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে সৌরভ তার দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় স্থানীয় দুই ব্যক্তি ধীরাজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ধীরাজ দেশি পিস্তল বের করে গুলি চালান। গুলির একটি প্রথমে দেয়ালে লাগে, এরপর আরেকটি সৌরভের কানের ঠিক পেছনে মাথায় আঘাত করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
এ সময় ধীরাজের ভাই লাঠি নিয়ে বিনীতের ওপর হামলা চালান। পাল্টা সংঘর্ষে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। পরে অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহত সৌরভকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে মিরাট মেডিকেল কলেজ হয়ে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তার মাথা থেকে গুলি বের করেছেন। তবে তার অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন।
জানা গেছে, ২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দেন সৌরভ। বর্তমানে তিনি ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে কর্মরত। এদিকে সৌরভের বাবা জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।