খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে একটি বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার ডাকাতির অভিযোগ উঠেছে

রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে টাকা-স্বর্ণালংকার ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৫ সময় , আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৫ সময়

খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে একটি বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার ডাকাতির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তবে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন একজন। পরে গণপিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। অন্যদিকে সঙ্গে থাকা অপর ব্যক্তি লুট করা টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। মঙ্গলবার ১০ নভেম্বর বিকেলে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাড়িতে ঢুকে দুই ব্যক্তি তার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে ঘরের আলমারি থেকে নগদ দুই লাখ টাকা এবং আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি নিয়ে যান তারা। এ সময় হেনা ত্রিপুরার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ধাওয়া করে মো. রফিক নামে ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন স্থানীয়রা। তবে তার সঙ্গে থাকা ২৪ বছর বয়সী মো. আকাশ একটি স্বর্ণের আংটি ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।


আটকের পর রফিককে স্থানীয় লোকজন মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর সময়ই তিনি মৃত ছিলেন।


চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের জানান, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন আটক ব্যক্তিকে গণপিটুনি দেন। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে বাঙ্গালহালিয়া এলাকা থেকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ আরও জানিয়েছে, নিহত রফিকের বাড়ি বাঙ্গালহালিয়ার আবাসিক মুসলিম পাড়ায়। তার বাবার নাম মৃত আব্দুল জলিল। অন্যদিকে পলাতক আকাশের বাড়ি একই ইউনিয়নের সফিপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী করিম।


এ ছাড়া পলাতক আকাশের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় আগে দায়ের করা একটি চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় একজনের মৃত্যু হলেও লুট হওয়া নগদ টাকা ও একটি স্বর্ণের আংটি উদ্ধার এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি এখন পুলিশের তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি গণপিটুনিতে মৃত্যুর ঘটনাটিও আইনগত প্রক্রিয়ায় খতিয়ে দেখা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯