দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি

সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৪ সময়

দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নেই—এমন অভিযোগ তুলে সরকারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না। নিজেদের দায়িত্ব পালনে কোনোভাবেই পিছপা হবেন না তারা।


মঙ্গলবার ১০ নভেম্বর জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায় নিতে চান না তারা। একই সঙ্গে নিজেরাও দায়িত্ব পালনে ব্যর্থ হতে চান না। সরকার ব্যর্থ হলে বিরোধী দল নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। বক্তব্যে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন ঘটনা তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার সদর দপ্তরের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ উল্লেখ করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিনের বিস্ফোরণে দুজন আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।


এ ছাড়া পার্বত্য এলাকায় অভিযান চালাতে গিয়ে এক সেনাসদস্যের মৃত্যু, সাজেক ভ্যালির অস্থিতিশীল পরিস্থিতি এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও করেন তিনি।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, দেশে এতগুলো বাহিনী থাকার পরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন, তার ব্যাখ্যা প্রয়োজন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য আশা করলেও সংসদ অধিবেশনের প্রথম দুই দিনে তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। তার মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।


এ সময় বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে একজন প্রতিমন্ত্রীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তার অভিযোগ, ওই প্রতিমন্ত্রী বিরোধী দলের একজন সংসদ সদস্যকে ফোন করে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এ ধরনের আচরণ কতটা গ্রহণযোগ্য, সেই প্রশ্নও তোলেন তিনি। তবে জাতীয় সংকট মোকাবিলায় সরকারের পাশে থাকার প্রস্তাবও দিয়েছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকার চাইলে এককভাবেই পরিস্থিতি সামাল দিতে পারে। কিন্তু বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে বিষয়টি স্পষ্টভাবে জানাতে হবে। সে ক্ষেত্রে তারা আন্তরিকতার সঙ্গে সহযোগিতার বিষয়টি বিবেচনা করবেন।


অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করেন তিনি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি আবার ফিরে আসার সুযোগ দেওয়া উচিত নয়। গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তার অভিযোগ, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেই বিস্ফোরণের ঘটনা ঘটছে, অথচ তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানিতে গোয়েন্দা সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।


সংসদে আরেক সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান জানান, একটি গোয়েন্দা দপ্তর থেকে এক নেতাকে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে ফোন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফোনটি সত্যিই সংশ্লিষ্ট দপ্তর থেকে করা হয়েছে, নাকি ভুয়া পরিচয়ে করা হয়েছে, তা তদন্তের জন্য সংশ্লিষ্ট ফোন নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। বক্তব্যের শেষ দিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে কার্যকর উদ্যোগ এবং স্পষ্ট অবস্থান দাবি করেন বিরোধীদলীয় নেতা।


তিনি বলেন, দেশের মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না। সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা, বিরোধী দলের ভূমিকা এবং জাতীয় সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা—সংসদে ডা. শফিকুর রহমানের বক্তব্যে এসব বিষয়ই গুরুত্ব পেয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯