রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেলগুলোর কাছেই পাওয়া গেছে একটি চিরকুট। এতে লেখা ছিল, ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১, জয় বাংলা’। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ককটেল দুটি নিষ্ক্রিয় করে।
মঙ্গলবার ১০ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, দুজন ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরে এসে ককটেল দুটি রেখে চলে যান। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা সেগুলোর বিস্ফোরণ ঘটাতে পারেননি। একইভাবে সিটি কলেজের পাশেও দুর্বৃত্তরা দুটি ককটেল রেখে যায় বলে জানান তিনি।
ওসি আরও জানান, ধানমন্ডি ৩২ নম্বরে ককটেল উদ্ধারের কাছাকাছি জায়গায় একটি চিরকুট পাওয়া গেছে। এতে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা ছিল। চিরকুটটির সঙ্গে ককটেলগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে দুটি ককটেল পড়ে থাকতে দেখে কয়েকজন ব্যক্তি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয়। দলটি ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।