বুকার পুরস্কারের দীর্ঘ ইতিহাসে এবার যুক্ত হলো নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো সরাসরি কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনধর্মী উপন্যাসের জন্য এ পুরস্কার জিতেছেন কোনো লেখক। ৮১ বছর বয়সী ব্রিটিশ সাহিত্যিক এম জন হ্যারিসন তার ‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাসের জন্য এই সম্মাননা পেয়েছেন। একই সঙ্গে বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার জয়ের রেকর্ডও গড়েছেন তিনি। মঙ্গলবার ১০ নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মজার বিষয় হলো, বুকার পুরস্কারের জন্য এবারই প্রথম মনোনয়ন পেয়েছিলেন হ্যারিসন। আর প্রথম মনোনয়নেই পুরস্কার জিতে সবাইকে চমকে দিয়েছেন তিনি।
লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে ৫০ হাজার পাউন্ডের পুরস্কার তুলে দেওয়া হয়, যা মার্কিন মুদ্রায় প্রায় ৬৭ হাজার ২৩২ ডলারের সমান। গত বছরের বিজয়ী ডেভিড সালাই তার হাতে পুরস্কারের চেক তুলে দেন। এম জন হ্যারিসনের ১৩তম উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর কাহিনি আবর্তিত হয়েছে ইংল্যান্ডের কেন্ট উপকূলকে ঘিরে। রহস্যময় এক বিপর্যয় এবং ‘আই-ঘেত্তি’ নামের রূপ পরিবর্তনকারী প্রাণীর আবির্ভাবের পর এক সৈকত-অনুসন্ধানী ব্যক্তি ও তার বয়স্ক ফুফুর টিকে থাকার সংগ্রাম উঠে এসেছে উপন্যাসটিতে।
মাত্র ১৯২ পৃষ্ঠার বইটি এবারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ছয়টি উপন্যাসের মধ্যে সবচেয়ে ছোট ছিল। ইতিহাসবিদ ও প্রবীণ উপস্থাপক মেরি বিয়ার্ডের নেতৃত্বে গঠিত বিচারক প্যানেল মোট ১৬৩টি বই পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে হ্যারিসনের উপন্যাসটিকে বিজয়ী নির্বাচন করে। বুকার পুরস্কার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেন, অতীতে অনেক বিজয়ী লেখক তাদের উপন্যাসে কল্পবিজ্ঞানের কিছু উপাদান ব্যবহার করেছেন। তবে প্রকৃত কল্পবিজ্ঞান সাহিত্য হিসেবে হ্যারিসনের বইটিই প্রথম বুকার পুরস্কার পেল। কয়েক দশকের সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে এই জয়কে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে ‘দ্য টেস্টামেন্টস’ উপন্যাসের জন্য বুকার জিতেছিলেন মার্গারেট অ্যাটউড। এবার ৮১ বছর বয়সে পুরস্কার জিতে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন হ্যারিসন। এদিকে হ্যারিসনের এই জয়ের মধ্য দিয়ে প্রকাশনা সংস্থা প্রোফাইল বুকসের অধীন সার্পেন্টস টেইলও প্রথমবারের মতো বুকার পুরস্কার পেল। এর আগে প্রতিষ্ঠানটি পাঁচবার মনোনয়ন পেয়েছিল। গত বছর ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার জিতেছিলেন ডেভিড সালাই। সাম্প্রতিক বছরগুলোতে এ পুরস্কার পাওয়া অন্য লেখকদের মধ্যে রয়েছেন সামান্থা হার্ভে, পল লিঞ্চ ও শেখান করুণাতিলকা।