ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে থাকা নিজেদের একটি বিমানঘাঁটি থেকে কয়েকটি সামরিক উড়োজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ৯

ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৫৬ সময় , আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৫৬ সময়

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে থাকা নিজেদের একটি বিমানঘাঁটি থেকে কয়েকটি সামরিক উড়োজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ৯ নভেম্বর ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের মিলডেনহল ঘাঁটি থেকে মার্কিন সামরিক উড়োজাহাজগুলো জার্মানিসহ বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়। সরিয়ে নেওয়া উড়োজাহাজের মধ্যে দুটি জ্বালানি সরবরাহকারী বিমানও রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই উড়োজাহাজগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে মিলডেনহল ঘাঁটিতে ঠিক কী ধরনের হুমকি তৈরি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে মার্কিন কর্মকর্তারা তদন্ত ও মূল্যায়ন করছেন। এটি তাৎক্ষণিক হামলার আশঙ্কা, নাকি বড় কোনো নিরাপত্তাঝুঁকির অংশ—তা খতিয়ে দেখা হচ্ছে।


তবে মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বিভিন্ন কারণে সামরিক উড়োজাহাজ এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সরিয়ে নেওয়া নিয়মিত কার্যক্রমেরই অংশ। ফলে বর্তমান স্থানান্তরকে সরাসরি হামলার আশঙ্কার সঙ্গে যুক্ত করা হচ্ছে না। এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে থাকা যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটি—আরএএফ মিলডেনহল ও আরএএফ লেকেনহিথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ঘাঁটি দুটির নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়িয়ে এফপিসিওএন চার্লি করা হয়েছে। সন্ত্রাসী হামলার বিশ্বাসযোগ্য আশঙ্কা কিংবা এ ধরনের হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া গেলে সাধারণত এই মাত্রার সতর্কতা জারি করা হয়।


এর আগে গত মাসেও ইরান-সমর্থিত হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয় পেন্টাগন। সে সময় মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, ড্রোনসহ বিভিন্ন উপায়ে দেশটির সামরিক পাইলট ও উড়োজাহাজ লক্ষ্য করে হামলা হতে পারে। ইরান আগেই সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালালে পাল্টা জবাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। সোমবার মার্কিন কংগ্রেসের শীর্ষ আট নেতার সমন্বয়ে গঠিত ‘গ্যাং অব এইট’-এর ব্রিফিংয়েও সম্ভাব্য হামলার হুমকি নিয়ে আলোচনা হয়েছে।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে মার্কিন সেনাসদস্যদের ওপর হামলার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, হুমকির মুখে থাকা ব্যক্তিদের সরিয়ে নেওয়ার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। তবে যুক্তরাজ্য থেকে সামরিক উড়োজাহাজ সরিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনা এখন বেশ কম বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯