ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর আগে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, দুপুর ২:১০ সময় , আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, দুপুর ২:১০ সময়

ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর আগে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। চুক্তির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি নিরাপত্তা রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।


সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ বিষয়ে জরুরি আলোচনার দাবি জানিয়ে প্রস্তাব উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারা অনুযায়ী তিনি জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার কাছে এ-সংক্রান্ত নোটিশ জমা দেন। নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভারতের সঙ্গে ন্যায্য ও দীর্ঘস্থায়ী পানি বণ্টন চুক্তি নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির সংকট দেখা দিতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জামায়াতের আশঙ্কা, পানির প্রবাহ কমে গেলে গড়াই নদীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শাখানদীগুলোর নাব্যতা হ্রাস পেতে পারে। একই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে এবং উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়তে পারে। এতে কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকাও সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।


নোটিশে আরও বলা হয়, গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয় নয়; এর সঙ্গে বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা, পরিবেশের ভারসাম্য এবং কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত। তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে কার্যকর ও ফলপ্রসূ আলোচনা জরুরি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন এবং অভিন্ন নদীর পানির ন্যায্য ব্যবহারের নীতির ভিত্তিতে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি চুক্তি নবায়ন অথবা নতুন করে ন্যায্য পানি বণ্টন চুক্তি সম্পাদনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।


দেশের অভ্যন্তরীণ পানিসম্পদ ব্যবস্থাপনা জোরদার করার ওপরও গুরুত্ব দিয়েছে দলটি। এ জন্য গঙ্গা ব্যারাজ প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং বিকল্প জলাধার নির্মাণের মতো দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার প্রস্তাব তুলে ধরা হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পানি বণ্টন নিয়ে সমাধানে পৌঁছাতে সরকারকে জরুরি ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯