মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও বিশ্বরাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে এশিয়ার দেশগুলো জ্বালানি সরবরাহের বিকল্প উৎস খুঁজছে। এমন সময়ে আন্তর্জাতিক প্রাকৃতিক গ্যাসের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে কানাডা। দেশটির এলএনজি কানাডা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণে চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত (এফআইডি) অনুমোদন দেওয়া হয়েছে। এ উদ্যোগে বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেলের পাশাপাশি মালয়েশিয়ার পেট্রোনাস, চীনের পেট্রোচায়না, জাপানের মিতসুবিশি করপোরেশন এবং দক্ষিণ কোরিয়ার কোগাস অংশীদার হিসেবে রয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলে প্রকল্পটির বার্ষিক উৎপাদন সক্ষমতা দ্বিগুণের বেশি বেড়ে ২ কোটি ৮০ লাখ টনে দাঁড়াবে। এ ছাড়া নির্মাণাধীন সিডার এলএনজি ও উডফাইবার প্রকল্প চালু হলে চলতি দশকের শেষ নাগাদ কানাডার বার্ষিক এলএনজি রপ্তানি সক্ষমতা ৩ কোটি ৩০ লাখ টনে পৌঁছাতে পারে।
উড ম্যাকেঞ্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান জশুয়া এনগুর মতে, এশিয়ার জ্বালানি ক্রেতাদের জন্য কানাডার বেশ কিছু বিশেষ সুবিধা রয়েছে, যা বৈশ্বিক বাজারে সহজে পাওয়া যায় না। বিপুল প্রাকৃতিক গ্যাসের মজুতের পাশাপাশি দেশটির প্যাসিফিক উপকূলে সরাসরি প্রবেশাধিকার এবং তুলনামূলক কম দূরত্বে পরিবহনের সুযোগ রয়েছে। তবে তাঁর সতর্কবার্তা, শুধু প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকলেই বাজারে সফলতা নিশ্চিত হয় না। এজন্য প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা, পরিকল্পনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা জরুরি। উড ম্যাকেঞ্জির পূর্বাভাস বলছে, বর্তমানে এশিয়ায় বছরে প্রায় ২৬ কোটি টন এলএনজির চাহিদা রয়েছে। ২০৬০ সাল নাগাদ তা বেড়ে প্রায় ৫০ কোটি টনে পৌঁছাতে পারে। এই বড় বাজারে প্রবেশের ক্ষেত্রে কানাডার সামনে কয়েকটি কৌশলগত সুবিধা রয়েছে।
ভৌগোলিক অবস্থান ও পরিবহন সুবিধা
কানাডার অন্যতম বড় সুবিধা দেশটির ভৌগোলিক অবস্থান। ব্রিটিশ কলম্বিয়ার কিটিম্যাটে অবস্থিত এলএনজি কানাডার টার্মিনালটি প্রশান্ত মহাসাগরের উপকূলে হওয়ায় এখান থেকে পণ্য পরিবহনে জাহাজগুলোকে পানামা খাল কিংবা মধ্যপ্রাচ্যের সংকীর্ণ সমুদ্রপথ ব্যবহার করতে হয় না। ফলে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ থাকায় কাতারের এলএনজি সরবরাহ ব্যাহত হলেও কানাডার রপ্তানি তুলনামূলকভাবে নির্বিঘ্ন থাকার সুযোগ রয়েছে। ব্রিটিশ কলম্বিয়া উপকূল থেকে জাপানের টোকিওতে এলএনজি পৌঁছাতে প্রায় আট থেকে নয় দিন লাগে। বিপরীতে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় উপকূল থেকে একই গন্তব্যে পৌঁছাতে সময় লাগে প্রায় ১৬ থেকে ১৮ দিন। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এশিয়ার দেশগুলো বিকল্প জ্বালানি উৎসের দিকে ঝুঁকতে শুরু করেছে। এর প্রভাব দেখা গেছে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানিতেও। ২০২৬ সালের প্রথমার্ধে দেশটি থেকে এশিয়ায় এলএনজি রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১০৮ শতাংশ বেড়েছিল।
উৎপাদন ব্যয় ও পাইপলাইনের সুবিধা
ব্যয় নিয়ন্ত্রণ এবং পাইপলাইন অবকাঠামোর দিক থেকেও কানাডা প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ পাচ্ছে। কোস্টাল গ্যাসলিংক পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ২১০ কোটি ঘনফুট গ্যাস কিটিম্যাটের এলএনজি টার্মিনালে সরবরাহ করা হচ্ছে। এ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের তুলনামূলক ব্যয়বহুল হেনরি হাব সূচকভিত্তিক অবকাঠামোর ওপর নির্ভরতা এড়িয়ে কানাডার কম দামের গ্যাস সরাসরি প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এতে রপ্তানিকারকদের উৎপাদন ও সরবরাহ ব্যয় কমানোর বাড়তি সুযোগ তৈরি হচ্ছে।
পরিবেশবান্ধব জ্বালানির সম্ভাবনা
পরিবেশগত দিক থেকেও কানাডার এলএনজি এশিয়ার পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। সিডার এলএনজি প্রকল্পটি সম্পূর্ণভাবে জলবিদ্যুৎ বা হাইড্রোইলেক্ট্রিসিটির মাধ্যমে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর ফলে গ্রিনহাউস গ্যাসের নির্গমন উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। অন্যদিকে এলএনজি কানাডা প্রকল্পের মোট জ্বালানি চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ জলবিদ্যুৎ থেকে পূরণ করা হবে।
প্রতিযোগিতার চাপও বাড়ছে
সম্ভাবনা উজ্জ্বল হলেও কানাডার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি দীর্ঘ মেয়াদে বছরে ১০ কোটি টন এলএনজি রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছেন। তবে ১৩ কোটি টন সক্ষমতার এলএনজি প্রকল্প বাস্তবায়িত হলেও সামগ্রিক লক্ষ্যে পৌঁছানো কঠিন হতে পারে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার সময়ও দ্রুত কমে আসছে। যুক্তরাষ্ট্রের সিপি২ এলএনজি, কমনওয়েলথ এলএনজি এবং ডেলফিন এফএলএনজি-১-এর মতো প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে। ফলে বৈশ্বিক এলএনজি বাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।
একই সময়ে মেক্সিকো, আর্জেন্টিনা এবং আফ্রিকার মোজাম্বিক, নাইজেরিয়া, মৌরিতানিয়া ও সেনেগালের মতো দেশগুলোও নতুন জ্বালানি উৎপাদক হিসেবে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। এসব দেশ ভাসমান ও সমুদ্র উপকূলীয় এলএনজি অবকাঠামো দ্রুত সম্প্রসারণ করছে। ফলে কম খরচে জ্বালানি সংগ্রহে আগ্রহী এশিয়ার ক্রেতাদের সামনে বিকল্পের সংখ্যা বাড়ছে। এতে কানাডাকে শুধু উৎপাদন সক্ষমতা বাড়ালেই চলবে না, বরং মূল্য, পরিবহন ব্যয়, পরিবেশগত সুবিধা ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অন্য উৎপাদক দেশগুলোর সঙ্গে কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হবে।