ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, নেতৃত্ব নির্বাচনের

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১২ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১২ সময়

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কে দলের জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, সেটিই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়। যোগ্যতা, দক্ষতা, ইতিবাচক রাজনীতি ও সাংগঠনিক অবদানের মাধ্যমেই নেতৃত্বের অবস্থান তৈরি করতে হয়।


রোববার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিএনপির প্রয়াত প্রবীণ নেতা ও সাবেক হুইপ মশিউর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। মশিউর রহমানের রাজনৈতিক জীবন স্মরণ করে তিনি বলেন, তার মতো নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ নেতার অভাব এখন অনুভূত হচ্ছে। ঝিনাইদহে তিনি শক্তিশালী রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছিলেন, যার প্রভাব জেলার সীমানা ছাড়িয়ে খুলনা বিভাগ এবং জাতীয় রাজনীতিতেও বিস্তৃত হয়েছিল। মৌলবাদ মোকাবিলা ও মাদকবিরোধী আন্দোলনেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।


আইনমন্ত্রী বলেন, ঝিনাইদহের রাজনীতিতে মশিউর রহমানের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অনুপস্থিতিতে গত নির্বাচনে জেলার চারটি আসনের মধ্যে তিনটি পুনরুদ্ধার করতে না পারার বিষয়টি বেদনাদায়ক। তিনি বেঁচে থাকলে জেলার রাজনৈতিক পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত। তবে এ ব্যর্থতার দায় কোনো একক ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়াকে সমর্থন করেননি আইনমন্ত্রী। তার মতে, সম্মিলিত সিদ্ধান্তহীনতা ও ভুল সিদ্ধান্তের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


দলের নেতাকর্মীদের রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির আদর্শের ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নেতৃত্ব। মশিউর রহমান ছিলেন দলের আদর্শ ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের অন্যতম অগ্রসেনানী। আগামী দিনের নেতৃত্ব প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নেতৃত্ব কখনো স্থায়ীভাবে কারও হাতে বন্দি থাকে না। যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক অবদানের মাধ্যমে যে কেউ নেতৃত্বে আসার সুযোগ পেতে পারেন।


এ সময় বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উদাহরণ তুলে ধরেন তিনি। আইনমন্ত্রীর মতে, তারা ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার চেয়ে দলকে এগিয়ে নেওয়ার কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। তাদের এই রাজনৈতিক ভূমিকা নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুসরণীয়। স্মরণসভায় ঝিনাইদহের উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, ঝিনাইদহ সদর হয়ে মাগুরা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেললাইন নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঝিনাইদহের সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ হবে। সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে।


এ ছাড়া দ্বিতীয় যমুনা সেতুর পরিবর্তে পদ্মা ও যমুনা নদীর ওপর ওয়াই-আকৃতির সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বিষয়ে সমীক্ষার কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল আলিমের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কোষাধ্যক্ষ চিকিৎসক মো. মেহেদী হাসান এবং সাবেক সংস্কৃতিবিষয়ক সহসম্পাদক মনির খান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯