শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন ইনকিলাব মঞ্চের জাবের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৫ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৫ সময়

শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। চট্টগ্রামে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় মঞ্চের সামনে বসে থাকা এক যুবককেও অঝোরে কাঁদতে দেখা যায়। তাদের কান্নার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার ৮ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।


অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করে বক্তব্য দিচ্ছেন আব্দুল্লাহ আল জাবের। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। একই সময় মঞ্চের সামনে বসে থাকা এক যুবকও কান্নায় ভেঙে পড়েন। তাকে বলতে শোনা যায়, ‘আমার ভাই মরে গেল আল্লাহ! আমাদের জন্যই রেখে দিল না কেন? তারে কেন নিয়ে গেল আল্লাহ?’ বক্তব্যে জাবের বলেন, তিনি বারবার হাদিকে বলতেন, আপনি তো শুধু জাবেরকে নিয়ে এই লড়াই শুরু করেছিলেন। অথচ আজ এখানে হাজার হাজার মানুষ আপনার শুরু করা ইনকিলাবের লড়াইয়ের হাল ধরে বসে আছে।


তিনি আরও বলেন, শাহাদাতের আগ পর্যন্ত শহীদ ওসমান হাদির জন্য তারা লড়াই চালিয়ে যাবেন। যে কারণে হাদিকে হত্যা করা হয়েছে, সেই অন্যায়ের বিচার ও তাদের ঘোষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। আবেগঘন বক্তব্যে জাবের বলেন, তারা কাঁদবেন, হাসবেন এবং লড়াই করবেন, কিন্তু রাজপথ ছাড়বেন না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ওসমান হাদির অসমাপ্ত সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।


‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো আঞ্চলিক গান পরিবেশন করে। সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং দেশের আঞ্চলিক সংস্কৃতি ও সংগীতকে তুলে ধরাই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।


অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯