নবম শ্রেণির ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছে ছেলে। আর সেই সাফল্যে খুশি হয়ে ছেলেকে প্রায় ৩ কোটি

নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪ সময় , আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪ সময়

নবম শ্রেণির ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছে ছেলে। আর সেই সাফল্যে খুশি হয়ে ছেলেকে প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন বাবা। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসিতে ঘটেছে ব্যতিক্রমী এ ঘটনা।


ওই ব্যবসায়ীর নাম সামসুদ্দিন মিদ্যা। তাঁর ১৫ বছর বয়সী ছেলে মোহাম্মদ তালহা বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসই শিক্ষাক্রমে নবম শ্রেণিতে পড়াশোনা করে। পড়ালেখায় বরাবরই মেধাবী তালহা এবার ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে বাবাকে গর্বিত করেছে। আর ছেলের সেই সাফল্য উদ্‌যাপন করতেই তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন বাবা। ছেলের ভালো ফলের খবর পেয়েই গাড়ি কিনতে মুম্বাই চলে যান সামসুদ্দিন। সেখানকার আন্ধেরির একটি নামী শোরুম থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ রুপি মূল্যের বিএমডব্লিউ এম ফোর কম্পিটিশন মডেলের গাড়িটি কেনেন তিনি। বিশেষ কনটেইনারে করে গাড়িটি নিয়ে আসা হয় পূর্ব বর্ধমানে। গত শুক্রবার গাড়িটি পৌঁছায় গলসিতে।


কচি কলাপাতার মতো সবুজ রঙের গাড়িটি নিয়ে এলাকায় বেশ আলোচনা তৈরি হয়েছে। নিজের অন্যান্য গাড়ির মতো এ গাড়ির নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যাও ‘৫৫৫’ রাখতে বিপুল অর্থ খরচ করেছেন সামসুদ্দিন। সামসুদ্দিনের গলসিতে চারটি চালকল রয়েছে। পাশাপাশি চীন ও ভিয়েতনামে চাল রপ্তানি করেন তিনি। গাড়ির প্রতি তাঁর বিশেষ শখ রয়েছে। তাঁর সংগ্রহে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থর ও হুন্দাই আলকাজারের মতো বিলাসবহুল গাড়িও রয়েছে।


তবে গাড়ি উপহার পেলেও এখনই নিজে চালানোর সুযোগ নেই তালহার। কারণ, তার বয়স মাত্র ১৫ বছর এবং এখনো ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বয়স হয়নি। তালহা জানিয়েছে, আপাতত পড়াশোনাতেই মন দেবে সে। সপ্তাহে মাত্র একদিন বাবার পাশে বসে নতুন গাড়িতে ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে তার। ছেলেকে বিএমডব্লিউ উপহার দেওয়ার কারণ জানিয়ে সামসুদ্দিন বলেন, ছেলে অনেক আগেই তাঁর কাছে একটি বিএমডব্লিউ চেয়েছিল। তাই ছেলের ভালো ফলের পর সেই ইচ্ছা পূরণ করেছেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯