নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২৭ সময় , আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২৭ সময়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এ সময় তাদের সঙ্গে থাকা আরও এক সহযোগী পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইল সদর থানার আকুর ঠাকুরপাড়া এলাকার মৃত দ্বীন মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন ওরফে শীষনাগ জসিম (৪৫), যিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের পাইনাদী বিল এলাকায় বসবাস করেন। অন্য দুজন হলেন পটুয়াখালী সদর থানার মরিচবুনিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫), বর্তমানে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর কামাল হোসেন হাজী বাড়ির বাসিন্দা এবং ফতুল্লার উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি এলাকার মৃত মো. দুলাল হোসেনের ছেলে মো. শফিকুর রহমান ওরফে রনি (৩৫)। পলাতক ব্যক্তির নাম বিল্লাল ড্রাইভার (৩৫)।

ডিবি পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় সোহেলের মুদি দোকানের সামনে কাঠের পুলের পাশে অভিযান চালানো হয়। এ সময় চারজন পালানোর চেষ্টা করলে পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়। পরে জসিম উদ্দিনের শরীর তল্লাশি করে তাঁর প্যান্টের ডান পকেট থেকে কালো রঙের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রটির ব্যারেলে ‘7.65 MADE IN U.S.A’ লেখা রয়েছে। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি রেডমি স্মার্টফোন এবং লিটনের কাছ থেকে একটি হুয়াওয়ে মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও গ্যালারিতে অবৈধ অস্ত্রের ছবি এবং অস্ত্র কেনাবেচা সংক্রান্ত বিভিন্ন বার্তা পাওয়া গেছে। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজন পেশাদার অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে আগে থেকেই হত্যা, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে জসিম মেহেরপুর সীমান্তের এক অস্ত্র চোরাকারবারির কাছ থেকে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংগ্রহ করে আসছিলেন। পরে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় এসব অস্ত্র কেনাবেচা করতেন বলে পুলিশের দাবি। এরই অংশ হিসেবে মেহেরপুর থেকে অস্ত্র এনে বিক্রির উদ্দেশ্যে শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থান করার সময় তাঁরা ডিবির অভিযানে ধরা পড়েন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান কালের কণ্ঠকে জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর পাশাপাশি তাঁদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯