জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে কর্মসূচিটি শুরু হয়। শোভাযাত্রায় অংশ নিতে বিকেল পৌনে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার পর তাঁর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়ক, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
শনিবার দুপুরের পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন এলাকা এবং দেশের নানা জেলা থেকে ছোট ছোট মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন দলটির নেতাকর্মীরা। বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অংশগ্রহণকারীদের কারও হাতে ছিল দলীয় পতাকা, আবার কারও হাতে ব্যানার ও ফেস্টুন। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রায় ছিল কয়েকটি ব্যতিক্রমী আয়োজনও। পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতি নিয়ে বিশাল মিছিলসহ কর্মসূচিতে যোগ দেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। নয়াপল্টনের সড়কে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি পথচারী ও উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নেতাকর্মীদের ব্যাপক সমাগমের মধ্যে এই আয়োজন শোভাযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করে।