কক্সবাজারের খরুলিয়া এলাকায় চলন্ত মাইক্রোবাসের পথ আটকে এক ব্যবসায়ীকে গুলি করেছে মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি। শুক্রবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মাহমুদুল হককে (৪৫) গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আহত মাহমুদুল হক জানান, তিনি বাসা থেকে নিজের মাইক্রোবাস নিয়ে রামুর উদ্দেশে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় ব্যক্তি তাঁর গাড়ির গতিরোধ করেন। এরপর তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়া হয়। একপর্যায়ে হামলাকারীরা তাঁর মাথায় গুলি করার চেষ্টা করলেও অস্ত্র থেকে গুলি বের হয়নি। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মাহমুদুলের দাবি, হামলাকারীদের মধ্যে লিংকরোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাছেরকে তিনি শনাক্ত করতে পেরেছেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।