ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ

৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৩ সময় , আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৩ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা এবং জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


নিষেধাজ্ঞার আওতায় রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।


এ ছাড়া শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। একই সঙ্গে ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরে থাকা সব সড়ক ও গলিপথে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।


গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। পাশাপাশি সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সংসদ অধিবেশনকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই ঢাকা মহানগর পুলিশের এই বিশেষ ব্যবস্থা। তাই নির্ধারিত সময় থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোতে চলাচল ও কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯