পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। বিভিন্ন কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় ২ হাজার ৩০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলের রাকিবুল হাসান ইশান এ তথ্য জানান। তিনি বলেন, আশুলিয়া থানায় দুটি এবং সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। এসব মামলার ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সোমবার রাতে দুটি পৃথক কারখানা কর্তৃপক্ষ ভাঙচুরের অভিযোগে মামলা করেছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় ৮০০ থেকে ১ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, কারখানায় ভাঙচুর এবং কর্মীদের ওপর হামলার অভিযোগে একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মঙ্গলবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় সাভার মডেল থানায় আরও একটি মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাইফুল আলম। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথাও জানান তিনি।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো মঙ্গলবারও বিক্ষোভ অব্যাহত ছিল। শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর, হামলা ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় শিল্পাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।