৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। দাবি আদায়ে সড়ক অবরোধ

পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ভোগান্তিতে যাত্রী-চালকেরা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২৬ সময় , আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২৬ সময়

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র ভোগান্তি।


মঙ্গলবার ৩ নভেম্বর বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন পোশাক কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা সড়কে জড়ো হন। পরে লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে শত শত যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। এর আগের দিনও একই দাবিতে এই সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা। দুপুর থেকে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে বিকেল সোয়া চারটার দিকে অবরোধ তুলে নেন তারা। তবে এক দিনের ব্যবধানেই আবারও সড়কে নেমেছেন শ্রমিকেরা।


শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন, শ্রমিক আমজাদ হোসেন কামালসহ নিহত শ্রমিকদের হত্যার বিচার এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ করে পূর্ণাঙ্গ শ্রম আইন বাস্তবায়ন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।


জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, শ্রমিকদের আন্দোলনের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখন বড় প্রশ্ন—শ্রমিকদের পাঁচ দফা দাবি নিয়ে দ্রুত কোনো সমাধান আসবে, নাকি বারবার সড়ক অবরোধের কারণে আরও ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ?

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯