অস্ট্রেলিয়ার জার্সিতে আর দেখা যাবে না বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত গ্লেন ম্যাক্সওয়েলকে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণি ও একদিনের ঘরোয়া ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার। তবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এই তারকা।
৩৮ বছর বয়সী ম্যাক্সওয়েল বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত খেলার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের জুনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। এরপর টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে গেলেও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন। ওই বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই ছিল অস্ট্রেলিয়ার হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে দুটি উইকেট নিয়েছিলেন তিনি। গ্রুপ পর্ব থেকেই অস্ট্রেলিয়ার বিদায়ের পর অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেন এই অলরাউন্ডার।
‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে ম্যাক্সওয়েল জানান, বিশ্বকাপের আগে ও পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার অবসর নিয়ে আলোচনা হয়েছিল। তবে তাঁকে অবসরের জন্য কোনো চাপ দেওয়া হয়নি। বরং তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গড়ার পরিকল্পনার সঙ্গে তিনি একমত হয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে দুটি একদিনের বিশ্বকাপ জিতেছেন ম্যাক্সওয়েল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।
ম্যাক্সওয়েল জানিয়েছেন, ২০২৮ সালের অলিম্পিককে সামনে রেখে অস্ট্রেলিয়ার দলে নতুন খেলোয়াড়দের জায়গা করে দেওয়া প্রয়োজন। তাই আন্তর্জাতিক ক্রিকেটে তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে তিনি সমর্থন করছেন। অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার উপযোগী থাকতে এখন নিজের শারীরিক সক্ষমতা ধরে রাখাই তাঁর প্রধান লক্ষ্য। হাঁটুর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তিনি আসন্ন আন্তর্জাতিক ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে আট সপ্তাহের পুনর্বাসন কার্যক্রমে মনোযোগ দিচ্ছেন এই ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ১৫৪ দশমিক ৪২ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৮৯৭ রান এবং নিয়েছেন ৫১ উইকেট। তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি পাঁচটি, যা রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্বরেকর্ড। এ ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে রাঁচি টেস্টে করেছিলেন ১০৪ রানের সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলার ইতি টানলেও মেলবোর্ন স্টারসের হয়ে মাঠে দেখা যাবে গ্লেন ম্যাক্সওয়েলকে। এবার তাঁর লক্ষ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের যাত্রা অব্যাহত রাখা।