সংগীতজগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন বহু আগেই। গায়ক ও সংগীত পরিচালক হিসেবে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এবার সেই

সিনেমা পরিচালনা করবেন হিমেশ, হতে চান সুপারস্টার অভিনেতাও

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়

সংগীতজগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন বহু আগেই। গায়ক ও সংগীত পরিচালক হিসেবে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এবার সেই পরিচয়ের বাইরে গিয়ে নতুন এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া। চলচ্চিত্র পরিচালনায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, পরিচালনার পাশাপাশি নিজের অভিনয়জীবন নিয়েও বড় স্বপ্ন দেখছেন এই তারকা। তার লক্ষ্য, একদিন বলিউডের সুপারস্টার অভিনেতা হয়ে ওঠা।


সম্প্রতি চলচ্চিত্রবিষয়ক এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন হিমেশ। তিনি জানান, তার পরিচালিত প্রথম সিনেমার চিত্রনাট্য ইতোমধ্যেই প্রস্তুত। শুধু একটি নয়, তার হাতে রয়েছে দুই থেকে তিনটি সিনেমার চিত্রনাট্য। এসব গল্পে এমন কিছু উপাদান রয়েছে, যা দর্শকদের আকৃষ্ট করবে বলে বিশ্বাস করেন তিনি। নিজের প্রথম সিনেমা নিয়ে বেশ আত্মবিশ্বাসী হিমেশ। তার প্রত্যাশা, পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করতে সক্ষম হবে। বিশেষ করে সিনেমার গান নিয়ে তার পরিকল্পনা অনেক বড়। তার বিশ্বাস, গানগুলো এতটাই হৃদয়স্পর্শী হবে যে দর্শকদের সঙ্গে আবেগের গভীর সংযোগ তৈরি করবে। আর সেই গানের জনপ্রিয়তাই সিনেমাটিকে বড় ব্যবসায়িক সাফল্য এনে দিতে পারে।


তবে পরিচালনায় আসার সিদ্ধান্তকে হঠাৎ নেওয়া কোনো পরিকল্পনা হিসেবে দেখছেন না হিমেশ। সংগীতজগতে আসার আগেই টেলিভিশন ধারাবাহিক প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সে সময় ধারাবাহিকের জন্য গানও তৈরি করতেন। ফলে প্রযোজনা ও নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে আগে থেকেই অভিজ্ঞতা রয়েছে তার। হিমেশের ভাষায়, একসময় মানুষ তাকে প্রশ্ন করত, তিনি কখনো সংগীত পরিচালক হবেন কি না। পরবর্তী সময়ে সেই পরিচয়ও প্রতিষ্ঠিত করেছেন তিনি। সংগীত ও চলচ্চিত্রে বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের পর এবার পরিচালনায় নিজের সৃজনশীল চিন্তাভাবনা তুলে ধরতে চান। সিনেমার ব্যাপ্তি, গল্পের আবেগ এবং সংগীতের ব্যবহার—সবকিছু নিয়েই তার পরিকল্পনা স্পষ্ট।


তবে একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন হিমেশ। নিজের পরিচালিত সিনেমায় তিনি নিজে অভিনয় করবেন না। সেখানে অন্য কোনো অভিনেতাকে দেখা যাবে। আর তিনি যেসব সিনেমায় অভিনয় করবেন, সেগুলো পরিচালনা করবেন অন্য নির্মাতারা। এদিকে অভিনয়জীবন নিয়েও বড় স্বপ্ন দেখছেন এই সংগীতশিল্পী। তার লক্ষ্য, একদিন সুপারস্টার অভিনেতা হওয়া। এ প্রসঙ্গে অমিতাভ বচ্চনের উদাহরণ টেনে হিমেশ জানিয়েছেন, অমিতাভের ত্রয়োদশ সিনেমাটি সফল হয়েছিল। অন্যদিকে তিনি ইতোমধ্যে ১২টি সিনেমায় অভিনয় করেছেন। তাই নিজের ত্রয়োদশ সিনেমাটি নিয়েও বড় সাফল্যের প্রত্যাশা করছেন তিনি।


সংগীতের পর এবার পরিচালনা, আর অভিনয়ে সুপারস্টার হওয়ার স্বপ্ন—সব মিলিয়ে নতুন এক অধ্যায়ের দিকে এগোচ্ছেন হিমেশ রেশমিয়া। এখন দেখার বিষয়, পরিচালনায় তার প্রথম পদক্ষেপ দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯