আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৮ সময় , আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৮ সময়

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে দুই মন্ত্রী পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভ মিছিল এবং সেই মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


গত শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের মূল বিষয় ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, হত্যাকাণ্ড, লুটপাট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ।


বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে দলের নেতারা ঢাকার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। এসব আলোচনায় বাসাবাড়িতে গ্যাসের সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ নানা দুর্ভোগের চিত্র উঠে এসেছে। দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত নানা সমস্যায় ভুগছেন বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের শিকার হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। তার মতে, এই ব্যর্থতার সবচেয়ে বড় দায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বর্তায়। অথচ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে সংবিধান সংশোধনের কাজে বেশি ব্যস্ত রয়েছেন।


স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের ফল উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করছেন তারা। একই সঙ্গে জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে তিনি বলেন, দুই মন্ত্রীই নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। দেশে চলমান নৈরাজ্য, হত্যাকাণ্ড ও গুমের অভিযোগের দায় নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।


নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি মানা না হলে দেশের বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পরে সেই মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করে দাবি আদায়ের চেষ্টা করবেন তারা। সমাবেশে ঢাকার দুই সিটি করপোরেশনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। জাতীয় জাদুঘরের সামনের চত্বর ও আশপাশের সড়কে অবস্থান নেন তারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯