আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন

স্বতন্ত্র রাজনীতি করলে আগামী নির্বাচনে এনসিপির প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনা থাকবে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৭ সময় , আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৭ সময়

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জামায়াতের সঙ্গে জোট ছেড়ে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের জন্য দলটিকে সাধুবাদও জানিয়েছেন তিনি।


শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। তিনি জানান, এনসিপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলটি শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে। এনসিপির সাম্প্রতিক গণবিক্ষোভ কর্মসূচি এবং দলটির নেতা আসিফ মাহমুদের বক্তব্যেও এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে মনে করেন তিনি। রাশেদ খাঁনের দাবি, ওই কর্মসূচিতে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কোনো বক্তব্য দেখা যায়নি।


তার মতে, জামায়াতের সঙ্গে জোট গঠনের পর এনসিপির বিভিন্ন কর্মসূচিতে জনসমাগম কমে গিয়েছিল। তবে সাম্প্রতিক গণবিক্ষোভে কয়েক হাজার মানুষের উপস্থিতি দলটির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরির ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। রাশেদ খাঁন আরও মনে করেন, এনসিপি যদি স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, তাহলে আগামী এক বছরের মধ্যে দলটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা পূরণেও দলটি ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।


এমনকি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখতে পারলে আগামী জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে বলে উল্লেখ করেন রাশেদ খাঁন। তবে এনসিপির আটজন সংসদ সদস্য দলটির স্বতন্ত্র রাজনীতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তার দাবি, ওই সংসদ সদস্যরা আগামী নির্বাচনেও জামায়াতের ভোটের ওপর নির্ভর করে জয়ী হওয়ার প্রত্যাশায় জোটের রাজনীতি অব্যাহত রাখতে চাইতে পারেন। যদিও দলের অধিকাংশ নেতা স্বতন্ত্র রাজনীতির পক্ষে বলে উল্লেখ করেন তিনি। শেষ পর্যন্ত এনসিপি জামায়াতের জোট ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে, নাকি আগের অবস্থানেই থাকে—তা নিয়ে অপেক্ষা করার কথা বলেছেন রাশেদ খাঁন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯