আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে প্রবেশ করে তাঁকে মারধরের অভিযোগে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক নেতার পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্ত নেতা হলেন ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপক।
বুধবার (২৮ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
ড্যাব মহাসচিব জানান, অভিযুক্ত নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁর প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাঁকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
ডা. জহিরুল ইসলাম শাকিল আরও বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় একজনের নাম পাওয়া গেছে। ঘটনার সময় তিনি একাই ছিলেন, নাকি তাঁর সঙ্গে অন্য কেউ জড়িত ছিলেন, তা তদন্ত করে দেখা হবে। আপাতত যাঁর বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁর বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির কার্যালয়ে প্রবেশ করে তাঁকে মারধর করার অভিযোগ ওঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কয়েকজন কর্মীর বিরুদ্ধে।
ঘটনাটি সামনে আসার পর অভিযুক্ত ড্যাব নেতার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে সংগঠনটি।