২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার তুলনায় দ্বিগুণ রোগী ভর্তি থাকায় চিকিৎসাসেবা সচল রাখতে ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
আজ যশোর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জেলার সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে এসব স্বাস্থ্য উপকরণ আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
‘হিউম্যান অ্যাপিল ইউএসএ’-এর সহায়তায় প্রদান করা এসব উপকরণের মধ্যে রয়েছে ব্যথানাশক ইনজেকশন, বয়স্কদের ডায়াপার (প্যাম্পার্স), সার্জিক্যাল গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের বিশেষ পোশাক এবং অস্ত্রোপচার কক্ষে (ওটি) ব্যবহারের উপযোগী অন্যান্য চিকিৎসা সরঞ্জাম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল প্রশাসনের প্রতি কড়া নির্দেশ দিয়ে বলেন, অনুদান হিসেবে প্রাপ্ত এসব চিকিৎসা সামগ্রী যেন ভর্তি থাকা সাধারণ রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে পান। একইসঙ্গে তিনি এই সব উপাদানের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর তাগিদ দেন।
হাসপাতাল প্রশাসনের তথ্যমতে, ২৫০ শয্যার এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিনিয়ত ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী চিকিৎসাধীন থাকেন। অতিরিক্ত রোগীর চাপ থাকায় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি তৈরি হয়। এ পরিস্থিতিতে নতুন সরবরাহকৃত উপকরণগুলো রোগীদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে বড় ভূমিকা রাখবে।
উপকরণ হস্তান্তর পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত এবং সিভিল সার্জন মাসুদ রানা।