৭৫৩ জনের চাকরির সুযোগ, আবেদন শেষ ১৭ নভেম্বর! পেট্রোবাংলা ও এর অধীন বিভিন্ন কোম্পানিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৯টি পদে এই নিয়োগের সুযোগ নিতে চাইলে আবেদন করার নিয়ম, পরীক্ষার ফি এবং গুরুত্বপূর্ণ শর্তগুলো এখনই জেনে নিন। কারণ, আবেদনপত্রে ভুল কিংবা নির্ধারিত ফি জমা না দিলে আপনার আবেদন গ্রহণ করা হবে না। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন—পেট্রোবাংলা এবং এর অধীন বিভিন্ন কোম্পানিতে মোট ৭৫৩ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬। নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য আবেদন ফরমের ব্যবস্থা রয়েছে। আবেদন শুরুর আগে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি, স্বাক্ষর এবং পরীক্ষার ফি প্রস্তুত রাখা জরুরি।
আবেদন করতে প্রথমে পেট্রোবাংলার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত নির্দেশনা দেখতে হবে। এরপর সংশ্লিষ্ট পদের আবেদন ফরম নির্বাচন করে ব্যক্তিগত ও প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। লাল তারকা চিহ্ন দেওয়া ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক। পরিচয় শনাক্তের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের নম্বর দিতে হবে। আবেদনের সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রতিষ্ঠানগুলোর পছন্দক্রমও নির্ধারণ করতে হবে। প্রার্থীর মেধাক্রম, পছন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শূন্য পদের প্রাপ্যতা বিবেচনা করে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হবে। তাই পছন্দক্রম ঠিক করার আগে ভালোভাবে ভেবে নিতে হবে। কারণ, একবার আবেদন জমা দিলে এই ক্রম পরিবর্তনের সুযোগ থাকবে না।
ছবি ও স্বাক্ষর আপলোড করার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি হতে হবে ৩০০ বাই ৩০০ পিক্সেল, জেপিজি ফরম্যাটে এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইটের। সাদা-কালো ছবি গ্রহণযোগ্য নয়। অন্যদিকে স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ বাই ৮০ পিক্সেল। এটিও জেপিজি ফরম্যাটে দিতে হবে, যার ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট। সব তথ্য পূরণ এবং ছবি ও স্বাক্ষর যুক্ত করার পর আবেদনপত্রের প্রিভিউ দেখে ভুলত্রুটি যাচাই করে জমা দিতে হবে। আবেদন সফল হলে ছবি ও স্বাক্ষরসহ আবেদনকারীর কপি পাওয়া যাবে। সেটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে অথবা প্রিন্ট করে রাখতে হবে। কারণ, পরবর্তী ধাপে পরীক্ষার ফি পরিশোধের জন্য ওই কপিতে থাকা ইউজার আইডি প্রয়োজন হবে।
তবে আবেদন জমা দিলেই প্রক্রিয়া শেষ হবে না। টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি খুদে বার্তা পাঠিয়ে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম গ্রেডের পদের জন্য ফি ৬৬৯ টাকা এবং দশম গ্রেডের পদের জন্য ৫৫৮ টাকা। প্রথম বার্তা পাঠানোর পর ফির পরিমাণ ও পিন নম্বর জানিয়ে ফিরতি বার্তা আসবে। এরপর নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় বার্তা পাঠিয়ে ফি পরিশোধ সম্পন্ন করতে হবে। ফি জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না। প্রবেশপত্র প্রকাশের তথ্য পেট্রোবাংলা ও টেলিটকের ওয়েবসাইটে জানানো হবে। পাশাপাশি আবেদনকারীদের মুঠোফোনেও বার্তা পাঠানো হবে। তাই আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর সচল রাখতে হবে এবং নিয়মিত বার্তা যাচাই করতে হবে।
অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ০১৯২০৪০০০৪৫, ০১৬৭০৫১৮৬১৫ ও ০১৭১৭০০১৩১২ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। ই-মেইলে সহায়তার জন্য যোগাযোগ করা যাবে ভিএএস ডট কিউয়েরি অ্যাট টেলিটক ডট কম ডট বিডি ঠিকানায়। সবশেষে মনে রাখুন, পেট্রোবাংলার এই নিয়োগে আবেদনের শেষ দিন ১৭ নভেম্বর ২০২৬। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে সময়মতো আবেদন ও ফি পরিশোধ করুন। জমা দেওয়ার আগে নিজের সব তথ্য, ছবি, স্বাক্ষর এবং প্রতিষ্ঠান পছন্দক্রম ভালোভাবে যাচাই করে নিন। বিস্তারিত নির্দেশনা জানতে পেট্রোবাংলার সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন।