বিশ্বের শহরগুলো যখন উন্নত স্বাস্থ্যসেবা, গণপরিবহন, নাগরিক সুবিধা ও পরিবেশ নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে, তখন উল্টো পথে হাঁটছে

বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৫ সময় , আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৫ সময়

বিশ্বের শহরগুলো যখন উন্নত স্বাস্থ্যসেবা, গণপরিবহন, নাগরিক সুবিধা ও পরিবেশ নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে, তখন উল্টো পথে হাঁটছে বাংলাদেশের শহরগুলো। একের পর এক আন্তর্জাতিক সূচকে দেশের বড় শহরগুলোর অবস্থান নিচে নামছে। সর্বশেষ বৈশ্বিক শহর সূচকেও বাংলাদেশের কোনো শহর বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় জায়গা করতে পারেনি। এক বছরে ঢাকার অবস্থানই পিছিয়েছে ৩৩ ধাপ। যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের বৈশ্বিক শহর সূচকে বিশ্বের ১৬৩টি দেশের এক হাজার শহরকে পাঁচটি প্রধান সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের আটটি শহর তালিকায় রয়েছে। দেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা ঢাকা এবার ৫১৫তম অবস্থানে রয়েছে। অথচ গত বছর শহরটির অবস্থান ছিল ৪৮২তম। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৩৩ ধাপ নিচে নেমেছে রাজধানী।


এই সূচকে শহরগুলোর অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসনব্যবস্থা বিবেচনা করা হয়েছে। অর্থনীতির জন্য সর্বোচ্চ ৩০, মানবসম্পদের জন্য ২৫, জীবনযাত্রার মানের জন্য ২৫ এবং পরিবেশ ও শাসনব্যবস্থার জন্য ১০ করে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। তবে শুধু শীর্ষ ১০০ শহরের স্কোর প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের কোনো শহর সেই তালিকায় না থাকায় তাদের সামগ্রিক নম্বর প্রকাশ করা হয়নি। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য বড় শহরের অবস্থানও অবনতি হয়েছে। গত এক বছরে সবচেয়ে বেশি পিছিয়েছে রাজশাহী। ৬৬ ধাপ নেমে শহরটির অবস্থান এখন ৭৭৯তম। চট্টগ্রাম ১৪ ধাপ পিছিয়ে রয়েছে ৭৬৩তম অবস্থানে। খুলনা রয়েছে ৮১১তম, সিলেট ৮৩৪তম এবং ময়মনসিংহ ৮৯৫তম অবস্থানে। বগুড়া ৩২ ধাপ পিছিয়ে ৯২৬তম স্থানে নেমেছে। বাংলাদেশের শহরগুলোর মধ্যে শুধু কুমিল্লা আগের অবস্থান ধরে রেখেছে। শহরটির অবস্থান ৮৮৩তম।


ঢাকার অবস্থান যে দীর্ঘদিন ধরেই নিম্নমুখী, তা আগের কয়েক বছরের তথ্যেও স্পষ্ট। ২০২১ সালে ১৪০টি শহরের মধ্যে ঢাকা ছিল ১৩৭তম অবস্থানে। ২০২২ সালে ১৭২টি শহরের মধ্যে ১৬৬তম এবং ২০২৩ সালে ১৭৩টি শহরের মধ্যে একই অবস্থানে ছিল। ২০২৪ সালে আরও পিছিয়ে ঢাকার অবস্থান দাঁড়ায় ১৬৮তম এবং ২০২৫ সালে তা হয় ১৭১তম। শহরের অবস্থান নির্ধারণে শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, শিক্ষা, ব্যবসার পরিবেশ, জনসংখ্যার প্রবণতা, নাগরিকদের জীবনযাত্রা, স্বাস্থ্য, আর্থিক অবস্থা, নাগরিক সুবিধা, পরিবেশ, জলবায়ু ঝুঁকি, রাজনৈতিক স্থিতিশীলতা ও নাগরিক অধিকারও বিবেচনায় নেওয়া হয়েছে।


বাংলাদেশের শহরগুলোর মধ্যে অর্থনীতির সূচকে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে ঢাকা। এই সূচকে বিশ্বে রাজধানীর অবস্থান ২৮৬তম। অর্থনীতির আকার ও প্রবৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা, মাথাপিছু আয়, কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক বৈচিত্র্য ও জনসংখ্যা বৃদ্ধির মতো বিষয় বিবেচনা করে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। এই সূচকে চট্টগ্রাম রয়েছে ৭০২তম এবং ময়মনসিংহ ৭৩৪তম অবস্থানে। মানবসম্পদের সূচকেও দেশের অন্য শহরগুলোর তুলনায় এগিয়ে রয়েছে ঢাকা। এই সূচকে রাজধানীর অবস্থান ১৭৮তম। শিক্ষা, ব্যবসার পরিবেশ ও জনমিতিক প্রবণতার ওপর ভিত্তি করে এ মূল্যায়ন করা হয়। এরপর খুলনা রয়েছে ৫৪১তম এবং রাজশাহী ৫৯৯তম অবস্থানে।


অর্থনীতি ও মানবসম্পদের মতো কিছু সূচকে ঢাকার অবস্থান তুলনামূলক ভালো হলেও পরিবেশ, জীবনযাত্রার মান ও শাসনব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুর্বলতা সামগ্রিক অবস্থানকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার অতিরিক্ত জনসংখ্যার চাপ, ঘনবসতি, বায়ুদূষণ, যানজট এবং অপর্যাপ্ত নাগরিক সেবা নগরজীবনের মান কমিয়ে দিচ্ছে। একই সঙ্গে পরিকল্পিত আবাসন ও নাগরিক অবকাঠামোর ঘাটতিও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশের বড় শহরগুলোতে বাড়ছে ‘নগর তাপদ্বীপ’ পরিস্থিতি। ফলে দিনের পাশাপাশি রাতেও শহরের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে।


তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষের স্বাভাবিক কর্মক্ষমতা কমার পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়তে পারে। ডেঙ্গু ও হামসহ নানা রোগের প্রাদুর্ভাবের সঙ্গে পরিবেশগত পরিবর্তনের সম্পর্ক রয়েছে। ফলে শহরের পরিবেশের অবনতি সরাসরি মানুষের জীবনযাত্রার মানের ওপর প্রভাব ফেলছে। অক্সফোর্ড ইকোনমিকসের সূচকের তথ্য বলছে, শুধু বড় ভবন, প্রশস্ত সড়ক কিংবা বড় অবকাঠামো থাকলেই একটি শহর বাসযোগ্য হয়ে ওঠে না। অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি উন্নত নাগরিক সেবা, পরিচ্ছন্ন পরিবেশ, কার্যকর শাসনব্যবস্থা এবং মানুষের জন্য নিরাপদ ও টেকসই জীবনযাত্রার সুযোগ নিশ্চিত করাও জরুরি। সেই জায়গাতেই বাংলাদেশের শহরগুলোর বড় ধরনের ঘাটতি রয়ে গেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯