শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে আগামী ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন। ফলে বহুল আলোচিত এই মামলার বিচারিক প্রক্রিয়া শুরুর ধাপ আরও কিছুটা পিছিয়ে গেল। বুধবার ৭ অক্টোবর সকালে মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু, দীপু মনি ও শাহরিয়ার কবির।
এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল সেই অভিযোগ আমলে নেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের তদন্তে শাপলা চত্বরের ঘটনায় মোট ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
মামলার ৪১ আসামির মধ্যে ৩০ জন বর্তমানে পলাতক রয়েছেন। আর গ্রেপ্তার ১১ আসামিকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।অভিযোগ গঠনের শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করলে মামলার সাক্ষ্যগ্রহণসহ পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পথ খুলবে। তবে শুনানি পিছিয়ে যাওয়ায় সেই প্রক্রিয়া শুরু হতে আরও সময় লাগছে। এদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিনও নির্ধারিত রয়েছে। বুধবারই ওই মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।