বিশ্ববাজারে টানা দরপতনের মধ্যে রয়েছে স্বর্ণ। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের উচ্চ সুদের কারণে মূল্যবান এই

স্বর্ণের দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস?

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৫ সময় , আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৫ সময়

বিশ্ববাজারে টানা দরপতনের মধ্যে রয়েছে স্বর্ণ। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের উচ্চ সুদের কারণে মূল্যবান এই ধাতুটির ওপর চাপ তৈরি হয়েছে। ফলে সপ্তাহের শেষ কার্যদিবসেও স্বর্ণের দাম আরও কমেছে। শুক্রবার ২ অক্টোবর বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৫ দশমিক ৬৮ ডলারে নেমে এসেছে। এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে প্রায় ৩ দশমিক ৩ শতাংশ।


একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে গোল্ড ফিউচারের দামও দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৭৩ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। স্বর্ণের দামে এই চাপের পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে মার্কিন ডলার ও সরকারি বন্ডের সুদের হারকে। শুক্রবার ডলারের দর সামান্য কমলেও পুরো সপ্তাহজুড়েই তা ঊর্ধ্বমুখী ছিল। পাশাপাশি ১০ ও ৩০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদ গত বৃহস্পতিবার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।


সাধারণত বন্ডের সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, তখন বিনিয়োগকারীরা সুদ পাওয়া সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের দুর্বল চাকরির বাজারের তথ্য প্রকাশের পর দিনের শুরুতে স্বর্ণের দাম এক শতাংশের বেশি বেড়েছিল। কিন্তু সেই ঊর্ধ্বগতি ধরে রাখতে পারেনি বাজার।


মার্কিন শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটিতে নন-ফার্ম পেরোল বেড়েছে মাত্র ২৯ হাজার। আগস্টে এই সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার। এর আগে প্রকাশিত হিসাবে আগস্টে চাকরি বৃদ্ধির সংখ্যা ১ লাখ ৬২ হাজার বলা হয়েছিল। অন্যদিকে রয়টার্সের জরিপে অর্থনীতিবিদেরা সেপ্টেম্বরে ৯০ হাজার নতুন চাকরি তৈরির পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে নতুন চাকরির সংখ্যা হয়েছে তার তুলনায় অনেক কম।


এদিকে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারের দুর্বল তথ্য ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশাতেও প্রভাব ফেলেছে। বর্তমানে বাজারে ধারণা তৈরি হয়েছে, চলতি মাসে ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। সাম্প্রতিক তুলনামূলক দুর্বল মূল্যস্ফীতির তথ্য এবং অক্টোবরের আরেক দফা সুদ বাড়ানোর বিরোধিতা করা ফেডের অন্তত দুজন শীর্ষ নীতিনির্ধারকের অবস্থানও এই প্রত্যাশাকে জোরালো করেছে।


সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, চলতি মাসে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নেমে এসেছে প্রায় ২২ শতাংশে। অথচ সপ্তাহের শুরুতে এই সম্ভাবনা ছিল প্রায় ৭০ শতাংশ। তবে বাজার বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন, এর অর্থ এই নয় যে ফেডের কঠোর নীতি পুরোপুরি শেষ হয়ে গেছে। বিনিয়োগকারীদের এখনো সুদের হারের ভবিষ্যৎ সিদ্ধান্তের দিকে নজর রাখতে হচ্ছে।


বাইটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, ফেডের কঠোর অবস্থানের কারণে স্বর্ণের বিনিয়োগকারীরা এখনই অতিরিক্ত আশাবাদী হতে চাইছেন না। এদিকে স্বর্ণের দাম আরও কমতে পারে বলেও আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম ২০ শতাংশের বেশি কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


একই সময়ে চলমান সংঘাতের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এতে সুদের হার দীর্ঘ সময় তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা বাড়তে পারে। আর উচ্চ সুদের হার সাধারণত সুদবিহীন সম্পদ স্বর্ণের ওপর চাপ তৈরি করে। মারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেছেন, স্বর্ণের দামের চার্ট এখনো দুর্বল অবস্থার ইঙ্গিত দিচ্ছে। সুদের হার আবার বাড়তে শুরু করলে স্বর্ণের দাম আরও কমতে পারে।


শুধু স্বর্ণ নয়, সপ্তাহের শেষ কার্যদিবসে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ১৭ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ৯ শতাংশ। প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬৯২ ডলার। আর প্যালাডিয়ামের দাম দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ১৬৬ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ স্বর্ণ, রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম—চারটি মূল্যবান ধাতুই সপ্তাহের শেষ হয়েছে দরপতনের মধ্য দিয়ে। এখন বাজারের নজর মূলত যুক্তরাষ্ট্রের সুদের হার, ডলারের গতি এবং মূল্যস্ফীতির পরবর্তী তথ্যের দিকে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯