গাইবান্ধার সাঘাটায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে এক ব্যক্তির মোটরসাইকেল ও নগদ ৭৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫১ সময় , আপডেট সময় : ১ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫১ সময়

গাইবান্ধার সাঘাটায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে এক ব্যক্তির মোটরসাইকেল ও নগদ ৭৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের চৌধুরীপাড়া গেট এলাকায় ঘটে এ ঘটনা। ভুক্তভোগী আনিছুর রহমান চৌধুরী জানান, সকালে সাঘাটা বাজার থেকে তার চাচাশ্বশুর শাহ আলীর কাছ থেকে ধার হিসেবে ৭৯ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে চৌধুরীপাড়া গেট এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি তার গতিরোধ করে।


অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা আনিছুর রহমানের গলায় ধারালো রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এরপর তার কাছে থাকা নগদ ৭৯ হাজার টাকা নিয়ে নেয়। একপর্যায়ে তাকে মারধর করে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে দেওয়া হয়। পরে মোটরসাইকেলটিও নিয়ে পালিয়ে যায় তারা। ভুক্তভোগীর অভিযোগে বলা হয়েছে, হামলাকারীদের হাতে রামদা, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। ছিনতাইয়ের পর আইনি পদক্ষেপ নিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন আনিছুর রহমান।


এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদা জানিয়েছেন, হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার সত্যতা এবং অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯