দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তিশিল্পের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তুলতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং সফটওয়্যার সেবা প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিল্পখাতের বাস্তব সমস্যা নিয়ে থিসিস ও গবেষণায় কাজ করার পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ ও তত্ত্বাবধানের সুযোগ পাবেন।
এআইইউবি ক্যাম্পাসের একটি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপ-উপাচার্য ও প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. মো. আবদুর রহমান এবং ব্রেইন স্টেশন ২৩-এর পক্ষে নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. দীপ নন্দীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ব্রেইন স্টেশন ২৩-এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস, এসবিইউ প্রধান আসিফ হক, প্রযুক্তিবিদ মুনির হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্রেইন স্টেশন ২৩-এর নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু গবেষণার বিষয় নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। শিক্ষার্থীরা পড়াশোনার সময় থেকেই বাস্তব সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পেলে দেশ ও বিদেশের কর্মক্ষেত্রের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন। এআইইউবির সঙ্গে এই সমঝোতা সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও তিনি উল্লেখ করেন।
এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রহমান বলেন, আধুনিক ও বিশ্বমানের প্রযুক্তিগত শিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে কাজ করছে। এআইইউবিতে ১২০টি উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার সংবলিত তিনটি বিশেষায়িত ল্যাব এবং সুপারকম্পিউটিং অবকাঠামো রয়েছে বলেও জানান তিনি। সমঝোতার আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ক্ষেত্রে যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে। এর মধ্যে এআই বেঞ্চমার্কিং, কথোপকথনভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টি-এজেন্ট সিস্টেম, ভিশন-ল্যাঙ্গুয়েজ সিস্টেম এবং আরএজিসহ বাংলাদেশের স্থানীয় প্রয়োজনভিত্তিক বিভিন্ন এআই সমাধান নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।
গবেষণার কাজে এআইইউবির উন্নত ল্যাব ও কম্পিউটিং অবকাঠামো ব্যবহার করা হবে। পাশাপাশি শিক্ষার্থীরা ব্রেইন স্টেশন ২৩-এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন। দুই প্রতিষ্ঠান যৌথভাবে হ্যাকাথন, কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক কর্মশালা ও সেমিনার আয়োজন করবে। একই সঙ্গে ক্যারিয়ার ও উদ্ভাবন মেলাতেও যৌথভাবে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এআইইউবির বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. খন্দকার তাবিন হাসান।