জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ১০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও সহায়ক পদে ৬ থেকে ২০তম গ্রেডে এসব নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্রের হার্ডকপি জমা দেওয়াও বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নম্বর গ্রেডে সহকারী কম্পট্রোলার পদে নিয়োগ দেওয়া হবে ২ জনকে। এ পদের বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা।
৯ নম্বর গ্রেডে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ। সহকারী প্রকৌশলী, ফিজিওথেরাপিস্ট, সেকশন অফিসার, সহকারী উদ্যানতত্ত্ববিদ, কালচারাল অফিসার, সায়েন্টিফিক অফিসার এবং মেডিক্যাল অফিসার পদে মোট ৯ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা। ১০ নম্বর গ্রেডে প্রশাসনিক অফিসার পদে একজন এবং উপসহকারী প্রকৌশলী পদে দুজন নিয়োগ দেওয়া হবে। এ গ্রেডে বেতন ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
১২ ও ১৩ নম্বর গ্রেডেও রয়েছে একাধিক পদ। ল্যাবরেটরি সহকারী পদে ৪ জন, উচ্চমান সহকারী পদে ৩ জন, ল্যাব টেকনিশিয়ান, ক্যাটালগার ও গ্রন্থাগার সহকারী পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন পদভেদে ১১ হাজার টাকা থেকে ২৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত। ১৫ নম্বর গ্রেডে ড্রাইভার পদে ২ জন এবং ১৬ নম্বর গ্রেডে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে ১৪ জন নিয়োগ দেওয়া হবে। ড্রাইভার পদের বেতন ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা এবং অফিস সহকারী পদের বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
১৭ নম্বর গ্রেডে ল্যাব অ্যাটেনডেন্ট পদে ৬ জন, বৈদ্যুতিক মিস্ত্রি, প্লাম্বার মিস্ত্রি ও বুক সর্টার পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৮০০ টাকা। ১৮ নম্বর গ্রেডে বাবুর্চি পদে একজন এবং ১৯ নম্বর গ্রেডে লিফটম্যান পদে ৫ জন নিয়োগ দেওয়া হবে। বাবুর্চি পদের বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা এবং লিফটম্যান পদের বেতন ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা।
সবচেয়ে বেশি নিয়োগ রয়েছে ২০ নম্বর গ্রেডে। এই গ্রেডে বৈদ্যুতিক হেলপার, লাইনম্যান হেলপার, মেকানিক হেলপার, অফিস সহায়ক, অফিস সহায়ক কাম বাবুর্চি, প্লাম্বার হেলপার, বাস হেলপার, বাস ক্লিনার, মালি, মাঠ সহকারী, ওয়েল্ডিং হেলপার, রাজমিস্ত্রি হেলপার, সুইপার, হল অ্যাটেনডেন্ট, ক্যাশ কাউন্টার রক্ষক ও ডাইনিং অ্যাটেনডেন্টসহ বিভিন্ন পদে মোট ৪৪ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। এখন আসা যাক আবেদনের নিয়মে। প্রার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরির ওয়েবসাইটে গিয়ে নিজস্ব প্রোফাইল তৈরি করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় কাগজপত্র, ডাউনলোড করা আবেদন ফরম এবং পেমেন্ট রশিদসহ হার্ডকপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
আবেদন ফিও পদ অনুযায়ী আলাদা। ১ থেকে ১০ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ১১ থেকে ১৭ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য ২০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনলাইনে আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬। আর হার্ডকপি জমা দেওয়া যাবে ১৯ অক্টোবর পর্যন্ত।
বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, আবেদনকারীদের অফিসভিত্তিক পৃথকভাবে আবেদন করতে হবে। আর পুনর্বিজ্ঞপ্তি দেওয়া পদে যারা আগে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ের চাকরিপ্রার্থীদের জন্য এবার একসঙ্গে ১০০টি পদে আবেদনের সুযোগ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন করার পাশাপাশি হার্ডকপি জমা দেওয়ার বিষয়টিও প্রার্থীদের অবশ্যই মনে রাখতে হবে।