সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় এবার সরকারের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন

অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫৩ সময় , আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫৩ সময়

সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় এবার সরকারের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর বক্তব্য, অপরাধের সঙ্গে যে পক্ষই জড়িত থাকুক, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।  রোববার ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাট গুরুতর ফৌজদারি অপরাধ। তাঁর মতে, এসব ঘটনা শুধু অপরাধের মধ্যেই সীমাবদ্ধ নয়, এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতিও সরাসরি চ্যালেঞ্জ তৈরি করে। 


আসিফ নজরুলের আহ্বান, এসব ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। শুধু যারা সরাসরি হামলা বা লুটপাটে অংশ নিয়েছে, তাদের গ্রেপ্তার করলেই হবে না; ঘটনার নেপথ্যে যারা রয়েছে, তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, অপরাধ সংঘটনের আগে তা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু বাস্তব সীমাবদ্ধতা বা যুক্তি থাকতে পারে। কিন্তু কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীদের শনাক্ত করা, গ্রেপ্তার করা এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ব্যর্থতার কোনো অজুহাত থাকা উচিত নয়। 


সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এর আগে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রেও হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এসব ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।  এই দুই ঘটনার প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, গুরুতর এসব ঘটনা সরকারের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। তাঁর মতে, অপরাধী যে দলেরই হোক না কেন, সরকারের কঠোর হওয়া প্রয়োজন এবং দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। অর্থাৎ, হামলা ও লুটপাটের ঘটনায় শুধু ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের নয়, এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবার ভূমিকা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন আসিফ নজরুল। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯