২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ ২৭ সেপ্টেম্বর। এই ধাপে আবেদন করার

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু আজ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৬ সময় , আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৬ সময়

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ ২৭ সেপ্টেম্বর। এই ধাপে আবেদন করার সুযোগ থাকছে মাত্র দুই দিন। শিক্ষার্থীরা আগামী ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ধাপে আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


যেসব শিক্ষার্থী এখনো একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি, তারা এই ধাপে আবেদন করতে পারবে। এ ছাড়া প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থী এবং নির্বাচিত হয়েও নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবে। ভুলভাবে কোটা নির্ধারণের কারণে নির্বাচিত হওয়ার পরও কলেজে ভর্তি হতে পারেনি—এমন শিক্ষার্থীদের জন্যও দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ রাখা হয়েছে।


দ্বিতীয় ধাপে আবেদন করার সময় শিক্ষার্থীদের পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করতে হবে। কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনা করে পছন্দক্রম নির্ধারণ করতে বলা হয়েছে। দ্বিতীয় ধাপের ফল প্রকাশের পর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চায়ন করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।


এরপর ৪ অক্টোবর রাত ৮টায় দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। এদিকে, প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি—এমন শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। তাদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। ভর্তি ওয়েবসাইটে নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করে কলেজ নির্বাচন অথবা পছন্দক্রম সম্পাদন করলেই হবে।


বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের আবেদনের সময় কোটার যোগ্যতা সঠিকভাবে যাচাই করে কোটা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ, যারা প্রথম ধাপে সুযোগ পাননি বা কোনো কারণে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেননি, তাদের জন্য দ্বিতীয় ধাপটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে আবেদন ও নিশ্চায়ন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯