নতুন ফোন হাতে পাওয়ার আনন্দ শেষ হতে না হতেই বিপত্তি। ভারতে কর্মস্থলে যাওয়ার পথে ই-রিকশায় বসে থাকা এক নারীর হাত থেকে মাত্র তিন দিন আগে কেনা আইফোন ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডা ওয়েস্ট এলাকায়। ভুক্তভোগী শুভি ভান্ডারি ই-রিকশার ভাড়া অনলাইনে পরিশোধ করার জন্য ফোনটি হাতে বের করেছিলেন। ঠিক সেই সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে তার কাছে আসে।
প্রথমে তারা রাস্তার দিক জানতে চায়। এতে ওই নারীও বিষয়টি স্বাভাবিকভাবে নেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। দুই ছিনতাইকারীর একজন শুভিকে জিজ্ঞেস করে, তার হাতে থাকা ফোনটি নতুন আইফোন কি না। শুভি ফোনটি নতুন বলে জানাতেই মুহূর্তের মধ্যে তার হাত থেকে ফোনটি থাবা মেরে নিয়ে নেয় একজন। এরপর মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শুভির স্বামী সাকেত গুপ্ত জানিয়েছেন, ছিনতাই হওয়া আইফোন ১৮ প্রো মাত্র তিন দিন আগে কেনা হয়েছিল। ফলে নতুন কেনা দামি ফোনটি এভাবে হারিয়ে পরিবারটি হতবাক হয়ে যায়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে সকালে প্রধান সড়কগুলোতে পুলিশের টহল কম থাকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার।
পুলিশ জানিয়েছে, শুভির বাবার আবেদনের ভিত্তিতে একটি অনলাইন এফআইআর নথিভুক্ত করা হয়েছে। বিসরাখ থানার কর্মকর্তা রঞ্জিত সিং বলেন, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি ছিনতাইকারীদের শনাক্ত করতে অন্যান্য প্রমাণও সংগ্রহ করছে পুলিশ। এখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মোটরসাইকেল আরোহী ওই দুই ব্যক্তির পরিচয় বের করার চেষ্টা চলছে। মাত্র কয়েক সেকেন্ডের এই ছিনতাইয়ের ঘটনায় নতুন কেনা আইফোন হারানোর পাশাপাশি ই-রিকশায় চলাচলের সময় দামি মোবাইল ব্যবহারের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
সূত্র: এনডিটিভি।