পর্দায় মুক্তির আগেই ইতিহাস গড়েছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন ও দক্ষিণী নির্মাতা অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’। বহুল প্রতীক্ষিত এই কল্পবিজ্ঞানভিত্তিক অ্যাকশন সিনেমা মুক্তির আগেই জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এর মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন এক মাইলফলক তৈরি করেছে ভারতীয় সিনেমা।
নির্মাতা অ্যাটলির ৪০তম জন্মদিনে গত সোমবার ভক্তদের চমকে দিয়ে এই খবর প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। সিনেমাটির একটি বিশেষ দৃশ্যে একসঙ্গে ৩৭ জন অভিনয়শিল্পীর বাস্তব সময়ে গতিবিধি ধারণ করা হয়েছে। চলচ্চিত্রে একসঙ্গে এত বেশি পারফর্মারের বাস্তব সময়ের গতিবিধি ধারণের ঘটনা আগে দেখা যায়নি বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লু অর্জুন ও অ্যাটলির গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে সনদ গ্রহণের ছবিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। তাদের পক্ষ থেকে জানানো হয়, ৩৭ জন পারফর্মারকে একই সময়ে বাস্তবভিত্তিক প্রযুক্তির মাধ্যমে ধারণ করে বিশ্বরেকর্ড তৈরি করেছে ‘রাকা’। এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আল্লু অর্জুনও। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পুরো দলের জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। তাদের পরিশ্রম ও প্রচেষ্টার আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
ইতোমধ্যে নির্মাতারা একটি বিশেষ দৃশ্যের পেছনের কাজের ভিডিও প্রকাশ করেছেন। সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে ৩৭ জন অভিনয়শিল্পীর গতিবিধি একই সময়ে বাস্তবভাবে ধারণ করা হয়েছে, তার কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। ‘রাকা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও অ্যাটলি। সিনেমাটি ঘিরে এরই মধ্যে নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রয়েছে, সিনেমায় আল্লু অর্জুনকে চারটি ভিন্ন চরিত্রে দেখা যেতে পারে—দাদা, বাবা এবং দুই ছেলের ভূমিকায়। পাশাপাশি সমান্তরাল মহাবিশ্বের ধারণাও গল্পে থাকতে পারে বলে আলোচনা চলছে। তবে এসব বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত এই বড় বাজেটের সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর। মুক্তির আগেই প্রযুক্তিগত উদ্ভাবন ও বিশ্বরেকর্ডের কারণে ‘রাকা’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। এখন সিনেমাটি পর্দায় আসার পর এই রেকর্ডের পাশাপাশি গল্প ও অভিনয়ে দর্শকদের কতটা চমক দিতে পারে, সেটিই দেখার বিষয়।