ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী কৌশলগত বন্দর নগরী মোকায় সৌদি জোটের বিমান হামলায় দুই শিশু ও এক নারীসহ অন্তত

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৬

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫১ সময় , আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫১ সময়

ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী কৌশলগত বন্দর নগরী মোকায় সৌদি জোটের বিমান হামলায় দুই শিশু ও এক নারীসহ অন্তত ছয়জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ হামলায় আরও আটজন আহত হয়েছেন। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর এএফপির বরাতে হুথি সমর্থিত সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত হুথিরা সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে মোকা বন্দরসহ লোহিত সাগরের বিস্তীর্ণ উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য অভিযান শুরু করেছে। এর পরই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার নিজেদের নিয়ন্ত্রিত ভূখণ্ড রক্ষায় সামরিক তৎপরতা জোরদারের চেষ্টা করছে।


সংঘাতের এই পরিস্থিতিতে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি ইয়েমেন সরকারকে সামরিক সহায়তা দেওয়ার অনুরোধ জানান। আল-আলিমির কার্যালয়ের সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, ট্রাম্প ইয়েমেনের প্রতি সংহতি প্রকাশ করলেও সরাসরি সামরিক সহায়তার কোনো প্রতিশ্রুতি দেননি। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে সম্মতি জানিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।


মোকা বন্দরসহ লোহিত সাগরের গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল ঘিরে হুথিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য উদ্বেগ তৈরি করেছে। লোহিত সাগরের এই জলপথের পাশাপাশি হরমুজ প্রণালিও মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এসব এলাকায় সংঘাত ছড়িয়ে পড়লে তেল ও জ্বালানি সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইয়েমেনের সংঘাতের ইতিহাসও দীর্ঘ। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর দেশটিতে বড় ধরনের সংঘাত শুরু হয়। ২০২২ সাল থেকে সংঘাতের তীব্রতা কিছুটা কম থাকলেও চলতি বছরের জুলাই থেকে পরিস্থিতি আবারও পূর্ণমাত্রায় উত্তপ্ত হয়ে ওঠে।


২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। দীর্ঘদিনের এই সংঘাত দেশটিতে ব্যাপক মানবিক সংকট তৈরি করেছে। মোকায় সর্বশেষ বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনা সেই সংকটকে আরও গভীর করেছে। একই সঙ্গে হুথিদের সামরিক অগ্রযাত্রা এবং সৌদি জোটের পাল্টা হামলাকে কেন্দ্র করে লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।


সূত্র: এনডিটিভি, এএফপি ও সাবা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯