ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে সৌদির গুরুত্বপূর্ণ জ্বালানি

এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪২ সময় , আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪২ সময়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে সৌদির গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক সহযোগিতার আশ্বাস দিয়েছে ফ্রান্স। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আন্তর্জাতিক সামরিক তৎপরতা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


সোমবার ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সৌদি আরবের অনুরোধের পর প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শ নিয়ে সৌদি যুদ্ধবিমানকে আকাশে থাকা অবস্থায় জ্বালানি সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই সহযোগিতা পুরোপুরি আত্মরক্ষামূলক থাকবে। নির্দিষ্ট সময়ের জন্য এই সহায়তা দেওয়া হবে এবং পরিস্থিতি অনুযায়ী নিয়মিত পর্যালোচনাও করা হবে।


সম্প্রতি সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে হুথিদের সংঘাত নতুন করে তীব্র হয়ে ওঠে। এর পর সৌদি আরব ব্রিটেনের কাছে সহযোগিতা চায়। হুথিরা সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে আকাশেই এসব হামলার কয়েকটি প্রতিহত করা হয়েছে। এর পাশাপাশি হুথিরা গুরুত্বপূর্ণ মোকা বন্দর এবং লোহিত সাগরের কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাব এল-মানদেব প্রণালীর ওপর নজরদারি বাড়িয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিচালিত হওয়ায় সেখানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই সামরিক সহযোগিতার উদ্দেশ্য শুধু সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করা নয়, একই সঙ্গে আঞ্চলিক স্বার্থ রক্ষা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা সচল রাখাও এর অন্যতম লক্ষ্য। ব্রিটিশ সংবাদ সংস্থা পিএ জানিয়েছে, এই মিশন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর একটি ভয়েজার বিমান এই কার্যক্রমে যুক্ত হওয়ার কথা রয়েছে।


অন্যদিকে ফ্রান্সও সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনার নিরাপত্তায় সহযোগিতার প্রস্তুতি নিচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়ানবুতে সৌদি তেল কোম্পানি আরামকোর স্থাপনা এবং ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে প্রস্তুত ফ্রান্স। তবে এই সহযোগিতার অর্থ হুথিদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া নয় বলে স্পষ্ট করেছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র।


সব মিলিয়ে, হুথিদের হামলা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও জ্বালানি স্থাপনার নিরাপত্তা ঘিরে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক সামরিক উপস্থিতি আরও বাড়ছে। যুক্তরাজ্য ও ফ্রান্সের সাম্প্রতিক পদক্ষেপে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের পাশাপাশি আঞ্চলিক উত্তেজনার নতুন মাত্রাও সামনে এসেছে।


সূত্র: ডন ও আল জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯