সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বহিষ্কারের সিদ্ধান্তের পরও কেটে গেছে

নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫৯ সময় , আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫৯ সময়

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বহিষ্কারের সিদ্ধান্তের পরও কেটে গেছে প্রায় দুই মাস, কিন্তু এখনো নির্বাচন কমিশনের কাছে সংসদ থেকে কোনো চিঠি পৌঁছায়নি। ফলে তার সংসদ সদস্য পদ নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া আপাতত আটকে আছে।


সোমবার ২১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি জানান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখন পর্যন্ত সংসদ সচিবালয় থেকে কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন। সংসদ থেকে চিঠি এলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে গত ২০ জুলাই রাতে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়ম নামের এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। প্রথমদিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পক্ষ থেকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। পরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন।


এরপর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করে জামায়াতে ইসলামী। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। পরে বিরোধী দল বিষয়টি জানিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয়। কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, শুধু রাজনৈতিক দলের চিঠির ভিত্তিতে সংসদ সদস্য পদ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।


ইসি সচিব আখতার আহমেদ স্পষ্ট করে বলেছেন, সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানোর বিধান রয়েছে। সেই আনুষ্ঠানিক চিঠি এখনো আসেনি। তাই সংসদ থেকে চিঠি পাওয়ার অপেক্ষায় রয়েছে কমিশন। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের দায়িত্ব মূলত সংসদ নির্বাচন ও গেজেট প্রকাশ পর্যন্ত। নির্বাচিত সদস্যের শপথ এবং এরপরের বিষয়গুলো সংসদের এখতিয়ারভুক্ত। অর্থাৎ, দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হলেও গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে পরবর্তী সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া শুরু করতে এখন সংসদ সচিবালয়ের আনুষ্ঠানিক চিঠির প্রয়োজন। সেই চিঠি কবে আসে এবং এরপর আইন অনুযায়ী কী পদক্ষেপ নেওয়া হয়, সেটিই এখন দেখার বিষয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯