সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও নতুন বেতন কাঠামোয় বদলে যাচ্ছে বেশ কিছু ভাতার হিসাব। বাড়ছে মূল বেতন, কিন্তু কমছে বাড়িভাড়া ও বাংলা নববর্ষ ভাতার শতাংশ। একই সঙ্গে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বার্ষিক বেতন বৃদ্ধির হারও কমানো হয়েছে। ফলে নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে নতুন হিসাব-নিকাশ। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি বেতন ও ভাতাদি আদেশ, ২০২৬’ নামে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে বেতন বৃদ্ধির পুরো সুবিধা একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
নতুন কাঠামোয় বাড়িভাড়া ভাতার হার কমানো হয়েছে। বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় গ্রেডভেদে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া দেওয়া হয়। নতুন কাঠামোয় তা কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ঢাকার বাইরে অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় বর্তমানে ৪০ থেকে ৫৫ শতাংশ বাড়িভাড়া পাওয়া যায়। নতুন কাঠামোয় সেটি ৩০ থেকে ৫০ শতাংশ করা হচ্ছে। আর এসব এলাকার বাইরে বর্তমানে ৩৫ থেকে ৫০ শতাংশ বাড়িভাড়া থাকলেও নতুন কাঠামোয় তা ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
তবে মূল বেতন বাড়ায় শতাংশ কমলেও টাকার হিসাবে বাড়িভাড়া আগের চেয়ে বেশি হতে পারে। বাংলা নববর্ষ ভাতার হারও ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে দুর্গম পার্বত্য এলাকায় পাহাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশই থাকছে। হাওর, দ্বীপ ও চরভাতার ক্ষেত্রেও ২০ শতাংশ হার বহাল রাখার প্রস্তাব রয়েছে। অন্যদিকে শিক্ষাসহায়ক, কার্যভার, আপ্যায়ন, উৎসব এবং শ্রান্তি-বিনোদন ভাতাসহ কয়েকটি ভাতার বর্তমান হার ও পরিমাণ বহাল রাখা হচ্ছে। ঝুঁকি ভাতাসহ বিভিন্ন বিশেষ ভাতা ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাবও রয়েছে।
বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। ২০তম থেকে ষষ্ঠ গ্রেডে ৫ শতাংশ হার বহাল থাকলেও পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, চতুর্থ ও তৃতীয় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সশস্ত্র বাহিনীতেও একই ধরনের কাঠামো প্রযোজ্য হবে। ক্যাপ্টেন ও সমপদ থেকে নিচের পদে ৫ শতাংশ, মেজরে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেলে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব রয়েছে।
অর্থাৎ নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়লেও সব ভাতার হার একইভাবে বাড়ছে না। বরং কিছু ভাতার শতাংশ কমিয়ে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।