একসঙ্গে দেশের বিভিন্ন সড়কে পুলিশের বিশেষ তল্লাশি অভিযান। মাত্র দুই ঘণ্টায় ঢাকাসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে করা হয়েছে ব্যাপক যাচাই-বাছাই। অভিযানে গ্রেপ্তার হয়েছেন ছয়জন, উদ্ধার হয়েছে দেশীয় অস্ত্র। পাশাপাশি নিয়ম না মানায় দুই হাজারের বেশি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের মহানগর ও জেলা পর্যায়ে এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে পুলিশ। সংশ্লিষ্ট ইউনিটের তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ৬৩৭টি চেকপোস্টে ব্যাপক তল্লাশি চালানো হয়। অভিযানে ২২ হাজার ৮টি গাড়ি এবং ২৮ হাজার ৫টি মোটরসাইকেল পরীক্ষা করা হয়েছে। এ সময় ১ হাজার ১৪টি গাড়ি ও ১ হাজার ১২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা করা হয়। পাশাপাশি বিভিন্ন ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রাজধানী ঢাকাতেও ছিল ব্যাপক তৎপরতা। মহানগর এলাকায় ২১৫টি চেকপোস্টে ৩ হাজার ৭৪৮টি গাড়ি ও ৪ হাজার ৭৮৭টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। নিয়ম ভঙ্গের অভিযোগে ১৬৭টি গাড়ি এবং ৩১৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চট্টগ্রামে ২৬৯টি চেকপোস্ট পরিচালনা করা হয়। সেখানে ৫ হাজার ৪৫৯টি গাড়ি এবং ৪ হাজার ৮৯৬টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়েছে। এর মধ্যে ৩৭২টি গাড়ি ও ২৪৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
খুলনায়ও ছিল পুলিশের ব্যাপক তল্লাশি। ২১৫টি চেকপোস্টে ১ হাজার ৫০৮টি গাড়ি এবং ২ হাজার ৬৩৪টি মোটরসাইকেল পরীক্ষা করা হয়। অভিযানে ১৩২টি গাড়ি ও ৪২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজশাহীতে ১১৯টি চেকপোস্টে ১ হাজার ৩৩৬টি গাড়ি এবং ২ হাজার ৬০১টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ২৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
ময়মনসিংহে ৬৭টি চেকপোস্টে ১ হাজার ২৮১টি গাড়ি ও ১ হাজার ৬১৮টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। সেখানে গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলাতেও মাদক ও অবৈধ মালামাল উদ্ধারে পৃথক অভিযান চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র বহনকারী এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।