চাঁদের ছবিতে যুক্তরাষ্ট্রের পতাকা বসিয়ে সেটিকে নিজেদের মালিকানাধীন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে

চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫২ সময় , আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫২ সময়

চাঁদের ছবিতে যুক্তরাষ্ট্রের পতাকা বসিয়ে সেটিকে নিজেদের মালিকানাধীন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘চাঁদ আমাদের।’ ট্রাম্পের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও নানা ধরনের ঠাট্টা-বিদ্রূপ। চাঁদের ছবি প্রকাশের কয়েক মিনিট আগেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর জন্য নতুন কালো রঙের পোশাকের কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি প্রকাশ করেন। নতুন পোশাকের রং হিসেবে মহাকাশ ধূসর, মধ্যরাতের কালো, রুপালি ধূসর ও মসৃণ কালোর কথা উল্লেখ করেন তিনি। পোশাকটিতে কাঁধ ও কলারে প্রতীক, হাতায় প্যাচ এবং কোমরে বেল্ট রাখা হয়েছে।


ট্রাম্পের চাঁদের মালিকানার দাবি এবং মহাকাশ বাহিনীর নতুন পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নতুন পোশাককে জনপ্রিয় ‘স্টার ওয়ার্স’ চলচ্চিত্রের সামরিক বাহিনীর পোশাকের সঙ্গে তুলনা করেছেন। আবার একজন ব্যঙ্গ করে প্রশ্ন তুলেছেন, চাঁদেই কেন থামবেন? এবার কি মঙ্গল গ্রহ কিংবা সূর্যের দিকেও নজর দেওয়া হবে? তবে ট্রাম্পের চাঁদের মালিকানার দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক আন্তর্জাতিক আইন রয়েছে। ১৯৬৭ সালের মহাকাশ চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ শতাধিক দেশ স্বাক্ষর করেছে। ওই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, কোনো দেশ সার্বভৌমত্ব, ব্যবহার বা দখলের মাধ্যমে চাঁদ কিংবা অন্য কোনো মহাজাগতিক বস্তুর ওপর মালিকানা দাবি করতে পারবে না।


শুধু চাঁদ নয়, একই ধারাবাহিকতায় হরমুজ প্রণালিকেও যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেন ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাতের সময় তিনি প্রণালিটির নাম পরিবর্তন করে নিজের নামে রাখার প্রস্তাব দিয়েছিলেন। পরে অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই ইঙ্গিত দেন, বিষয়টি নিয়ে তিনি খুব একটা সিরিয়াস ছিলেন না। এরপর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাবও দেন ট্রাম্প। হোয়াইট হাউজ তার এই প্রস্তাবের সমর্থনে এমন একটি ছবি প্রকাশ করে, যেখানে ‘মেক্সিকো’ শব্দটি সরিয়ে ‘আমেরিকা’ লেখা হয়।


তবে নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, অঙ্গরাজ্যটির নাম পরিবর্তন কোনো আলোচনার বিষয়ই নয়। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার আগেও এই নামের অস্তিত্ব ছিল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে মানুষের মনোযোগ সরাতেই ট্রাম্প এমন প্রস্তাব দিচ্ছেন বলেও অভিযোগ করেন গভর্নর। এর আগেও নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছিলেন ট্রাম্প। কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার একটি নথিতে স্বাক্ষর করেন তিনি। ২৭ আগস্ট ওভাল অফিস থেকে এ ঘোষণা দেওয়া হয়।


কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী পাঁচটি বৃহৎ হ্রদের একটি লেক অন্টারিও। কানাডার অন্টারিও প্রদেশ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সঙ্গে এর নামের সম্পর্ক রয়েছে। হ্রদটির উত্তর-পশ্চিম তীরে কানাডার গুরুত্বপূর্ণ শহর টরন্টো অবস্থিত। নাম পরিবর্তনের উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন হুরন-ওয়েন্ডাট ফার্স্ট নেশনের গ্র্যান্ড চিফ পিয়েরে পিকার্ড। তিনি এই উদ্যোগকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করে ট্রাম্পের বিরুদ্ধে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করার অভিযোগ তোলেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও এ সিদ্ধান্তের বিরোধিতা করেন।


এর আগে ২০২৫ সালে হোয়াইট হাউজে ফিরে প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। মেক্সিকো অবশ্য সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। এদিকে ট্রাম্পকে ঘিরে আরেকটি চমকও দেখা গেছে। হোয়াইট হাউজ কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ট্রাম্পকে জনপ্রিয় কাল্পনিক সুপারহিরো ‘গ্রিন ল্যান্টার্ন’-এর আদলে দেখানো হয়েছে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে দুটি ছবিও। একটিতে ট্রাম্পের হাতে উজ্জ্বল সবুজ শক্তির আংটি এবং ক্যামেরার দিকে তার সরাসরি তাকিয়ে থাকার দৃশ্য দেখা যায়। চাঁদ থেকে শুরু করে হরমুজ প্রণালি, অঙ্গরাজ্য ও হ্রদের নাম পরিবর্তনের প্রস্তাব—ট্রাম্পের সাম্প্রতিক ধারাবাহিক কর্মকাণ্ড তাই শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯