সারের সরবরাহ থেকে শুরু করে মজুদ ও বিক্রি—পুরো ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করেছে কৃষি মন্ত্রণালয়। মাঠপর্যায়ে কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে। এ জন্য গঠন করা হয়েছে ২৭টি দল। প্রতিটি দলে থাকবেন একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক।
১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুই শিফটে কন্ট্রোল রুম পরিচালিত হবে। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। পুরো কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত সচিব। কন্ট্রোল রুমের অন্যতম প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সারের সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণ পরিস্থিতির তথ্য নিয়মিত সংগ্রহ করা। কোথাও পরিবহনে অনিয়ম, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি কিংবা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
কোনো এলাকায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে সেটি অগ্রাধিকার দিয়ে শনাক্ত করা হবে। এরপর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশ করবে কন্ট্রোল রুম। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এ ছাড়া কৃষক, সার ব্যবসায়ী, পরিবহনকারীসহ সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া অভিযোগ গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ব্যবসায়ী ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিদিনের সার পরিস্থিতি, অভিযোগ, গৃহীত ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রেজিস্টারে সংরক্ষণ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। সারের সরবরাহে বিঘ্ন, পরিবহন সমস্যা, গুদামজাতকরণে জটিলতা কিংবা ব্যবসায়ী পর্যায়ে অনিয়মের তথ্য পেলেও দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ থাকবে। একই সঙ্গে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সারসংক্রান্ত অভিযোগ ও গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের জানানো হবে।
ফোন, মুঠোফোন, ইলেকট্রনিক ডাক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগও যথাযথভাবে গ্রহণ ও নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। শিফট পরিবর্তনের সময় দায়িত্ব সঠিকভাবে হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। সারসংক্রান্ত সংবাদ সংগ্রহ করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দ্রুত তথ্য যাচাই করার নির্দেশ রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য ০৫০৩৫১ নম্বর ব্যবহার করা যাবে।